Health News: পায়ের তলায় শক্ত, যন্ত্রণাদায়ক কড়া হলেই দোকান থেকে কর্ন ক্যাপ কিনে লাগিয়ে দিচ্ছেন? সাময়িক আরাম পেলেও এই প্লাস্টারই ডেকে আনছে বড় বিপদ। চিকিৎসকরা বলছেন, কর্ন ক্যাপে থাকা অ্যাসিড শুধু কড়া নয়, আশপাশের সুস্থ চামড়াকেও পুড়িয়ে দেয়। আর ডায়াবেটিস থাকলে এই ছোট্ট ক্যাপ থেকেই তৈরি হতে পারে গভীর ক্ষত, আলসার, এমনকি পা বাদও যেতে পারে।
Health News: সেই ন’মাসে ছ’মাসে একবার পেডিকিয়োর, বাকি সময় শুধু একটু ফুটক্রিম বা লোশন ব্যবহার করেই দায় সারা। অথচ সারাদিনের সব ধকল এই পা দুটোই সামলায়। আর এই অযত্নেরই ফল পায়ের তলায় সেই শক্ত, গোল, যন্ত্রণাদায়ক কড়া। হাঁটতে গেলেই খোঁচা লাগে। তাই কর্ন ক্যাপ লাগাবেন ভাবছেন? কিন্তু
বাজারে যে কর্ন ক্যাপ পাওয়া যায়, তাতে থাকে ৪০% স্যালিসাইলিক অ্যাসিড। এই অ্যাসিড কড়ার শক্ত চামড়াকে নরম করে গলিয়ে দেয়। শুনতে সহজ মনে হলেও, সমস্যাটা এখানেই।
কেন এটি বিপজ্জনক?
১. ভালো চামড়াও পুড়িয়ে দেয়: ক্যাপটি কখনই শুধু কড়ার উপর থাকে না। এর অ্যাসিড আশপাশের সুস্থ, নরম চামড়াতেও লেগে সেই জায়গা সাদা, পচা-পচা করে দেয়। ফলে কড়ার চারপাশে জ্বালা, র্যাশ, ইনফেকশন হয়।
২. কড়া পুরোপুরি যায় না: ক্যাপ শুধু উপরের শক্ত অংশটুকু তোলে। কড়ার যে মূল বা 'কোর' ভেতরে গেঁথে থাকে, তা থেকেই যায়। তাই ১৫-২০ দিন পর আবার একই জায়গায় কড়া ফিরে আসে।
৩. ডায়াবেটিস রোগীদের জন্য বিষ: এটাই সবচেয়ে ভয়ঙ্কর। ডায়াবেটিস থাকলে পায়ে রক্ত চলাচল কমে যায় এবং অনুভূতি কমে যায়। কর্ন ক্যাপে চামড়া পুড়ে গেলেও ব্যথা বোঝা যায় না। সেই ছোট্ট ঘা থেকে বড় আলসার, সেখান থেকে গ্যাংগ্রিন। বহু ক্ষেত্রে আঙুল বা পা কেটে বাদ দিতে হয়।
তাহলে কী করবেন?
চিকিৎসকদের পরামর্শ—
- নিজে কাটাকাটি নয়: ব্লেড, সুই দিয়ে কড়া খোঁচাবেন না, কর্ন ক্যাপও লাগাবেন না।
- সঠিক কারণ খুঁজুন: টাইট জুতো, হাই হিল, ভুল হাঁটার ভঙ্গি— কারণ না সরালে কড়া বারবার হবে।
- নরম জুতো ও প্যাড: সিলিকন ফুট প্যাড বা নরম সোলের জুতো ব্যবহার করুন যাতে চাপ কম পড়ে।
- ডাক্তারের কাছে যান: স্থায়ী সমাধানের জন্য চর্মরোগ বা পোডিয়াট্রিস্ট ডাক্তার কড়ার মূলটি তুলে দেন, যা ব্যথাহীন ও নিরাপদ।
মুখের মতো পায়েরও যত্ন নিন। কিন্তু সেই যত্ন যেন কর্ন ক্যাপ দিয়ে বিপদ ডেকে না আনে।






