দীপাবলি উপলক্ষে শেফ কুণাল কাপুর একটি সুস্বাদু ড্রাই ফ্রুট লাড্ডুর রেসিপি শেয়ার করেছেন। বাদাম, বীজ, আটা এবং সুগন্ধি মশলা দিয়ে মাত্র ৫০ মিনিটে এই স্বাস্থ্যকর মিষ্টি তৈরি করা যায়। উৎসবের আনন্দ বাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই স্পেশাল লাড্ডু।
দীপাবলি তো এসেই গেল। উৎসবের এই সময়ে অনেকেই বাড়িতে নানা রকম মিষ্টি বানান। পরিবারের জন্য স্পেশাল কিছু বানাতে চাইলে এই ড্রাই ফ্রুট লাড্ডু ট্রাই করে দেখতে পারেন। শেফ এবং মাস্টারশেফ ইন্ডিয়ার বিচারক কুণাল কাপুর সম্প্রতি একটি দারুণ রেসিপি শেয়ার করেছেন। বাদাম, বীজ, আটা আর সুগন্ধি মশলা দিয়ে তৈরি এই লাড্ডু বানাতে সময় লাগবে মেরেকেটে ৫০ মিনিট।
উপকরণ
ড্রাই ফ্রুটস ও বাদামের জন্য:
ঘি - ৫ টেবিল চামচ
গঁদ - ১/২ কাপ
আমন্ড - ১/২ কাপ
কাজু - ১/২ কাপ
চিনাবাদাম - ১/৪ কাপ
কুমড়ো বা খরমুজের বীজ - ৪ টেবিল চামচ
খসখস বা পোস্ত - ৩ টেবিল চামচ
তিল - ১/৪ কাপ
লাড্ডুর জন্য:
ঘি - ১/২ কাপ
বেসন - ৩ টেবিল চামচ
আটা - ২ কাপ
বড় এলাচের দানা - ১ চা চামচ
এলাচ গুঁড়ো - ১ চা চামচ
আদা গুঁড়ো (ঐচ্ছিক) - ২ চা চামচ
চিনি (গুঁড়ো বা মিহি দানা) - ১ কাপ
ধাপে ধাপে বানানোর পদ্ধতি
লাড্ডুর ড্রাই ফ্রুটস তৈরির জন্য
ধাপ ১: গঁদ ভেজে নিন
প্যানে ঘি গরম করে তাতে গঁদ দিয়ে দিন। মাঝারি আঁচে গঁদগুলো ফুলে ওঠা পর্যন্ত ভাজুন। এরপর তুলে নিয়ে অতিরিক্ত ঘি ঝরিয়ে নিন। এবার এগুলোকে আধভাঙা করে গুঁড়ো করে নিন।
ধাপ ২: আমন্ড ও কাজু ভাজুন
প্যানে থাকা বাকি ঘিয়ে আমন্ড আর কাজু ভেজে নিন। ভাজা হয়ে গেলে ঘি ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখুন। এরপর এগুলোকে ব্লেন্ডারে দিয়ে হালকা গুঁড়ো করে নিন।
ধাপ ৩: চিনাবাদাম ও কুমড়োর বীজ ভাজুন
একই প্যানে চিনাবাদাম দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। সেগুলো তুলে নিয়ে কুমড়োর বীজগুলোও ভেজে নিন। দুটোই ঘি থেকে ছেঁকে তুলে আগে থেকে ভেজে রাখা আমন্ড ও কাজুর প্লেটে রাখুন।
ধাপ ৪: খসখস ও তিল ভাজুন
প্যানে ঘি কম থাকলে আরও একটু ঘি দিয়ে দিন। এবার খসখস আর তিল হালকা করে ভেজে নিন। ছাঁকনি দিয়ে তুলে বাকি ভাজা বাদামের সঙ্গে মিশিয়ে দিন।
ধাপ ৫: বাদামগুলো হালকা গুঁড়ো করুন
সব ভাজা বাদাম আর বীজ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা করে গুঁড়ো করে নিন। একদম মিহি পাউডার করবেন না, যাতে খাওয়ার সময় মুখে পড়ে। তবে গুঁড়ো করা গঁদ মিক্সারে দেবেন না। বাদামের মিশ্রণ আর গঁদ আলাদা করে সরিয়ে রাখুন।
কীভাবে লাড্ডু বানাবেন
১. বেসন ও আটা ভাজুন
মাঝারি আঁচে প্যানে আধা কাপ ঘি গরম করুন। এতে বেসন দিয়ে প্রায় ১ মিনিট নাড়ুন। এবার আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
২. বাদাম ও বীজের সঙ্গে মেশান
আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম ও বীজের বাটিতে ভাজা আটার মিশ্রণটা ঢেলে দিন। এর মধ্যে গুঁড়ো করা গঁদ দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটা হালকা ঠান্ডা হতে দিন।
৩. চিনি ও মশলা দিন
এবার বড় এলাচের দানা, এলাচ গুঁড়ো আর আদা গুঁড়ো ছড়িয়ে দিন। সঙ্গে দিন গুঁড়ো বা মিহি চিনি। হাত দিয়ে সব উপকরণ খুব ভালো করে মেখে নিন।
৪. লাড্ডুর আকার দিন
হাতে কিছুটা মিশ্রণ নিয়ে দুই তালুর মাঝে চেপে গোল গোল লাড্ডু পাকিয়ে নিন। মিশ্রণটা যদি খুব শুকনো লাগে বা লাড্ডু পাকাতে অসুবিধা হয়, তবে সামান্য গলানো ঘি মিশিয়ে নিতে পারেন।
৫. পরিবেশন করুন
সব লাড্ডু তৈরি হয়ে গেলে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিন।ব্যাস, দীপাবলির জন্য আপনার বাড়িতে তৈরি ড্রাই ফ্রুট লাড্ডু একদম পরিবেশনের জন্য প্রস্তুত!






