Health News: চোখের ড্রপের গায়ে মেয়াদ ২ বছর লেখা থাকলেও ফার্মাসিস্টরা বলেন সিল খোলার ২৮ দিন পর ফেলে দিতে। কেন? এর পিছনে রয়েছে চোখের সুরক্ষার গুরুত্বপূর্ণ কারণ।একবার সিল খোলার পরে কোনও চোখের ড্রপ ২৮ দিন, কোনওটি ৩০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ওষুধ কী ভাবে সংরক্ষণ করা হচ্ছে, তার উপর এর মেয়াদ নির্ভর করে।

Health News: আপনার সঙ্গেও নিশ্চয়ই এমন হয়েছে। চোখ লাল বা ড্রাই আই-এর জন্য ডাক্তার ৫ মিলির ড্রপ দিলেন। অল্প একটু ব্যবহার হলো, বাকিটা পড়ে রইল। গায়ে মেয়াদ লেখা ২০২৭ সাল। কয়েক মাস পর আবার চোখে সমস্যা হলে ভাবলেন আগেরটাই ব্যবহার করি। কিন্তু ডাক্তার বলবেন, খোলার ২৮ দিন পর ওটা আর ব্যবহার করা যাবে না। এর আসল কারণ হলো জীবাণু সংক্রমণ ও প্রিজারভেটিভের কার্যকারিতা নষ্ট হওয়া।

২ বছরের মেয়াদটা কিসের?

কোম্পানি যে ২ বছরের মেয়াদ দেয়, সেটা হলো আনওপেনড বা সিল বন্ধ অবস্থার মেয়াদ। ফ্যাক্টরিতে ড্রপ ১০০% স্টেরাইল পরিবেশে তৈরি হয় এবং ভ্যাকুয়াম সিল করা হয়। তখন বাতাস, ধুলো, হাতের স্পর্শ কিছুই লাগে না। এই অবস্থায় ভিতরের প্রিজারভেটিভ ২ বছর পর্যন্ত কার্যকর থাকে। তাই বোতল না খুললে ২ বছর পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

সিল ভাঙলেই কেন ২৮ দিন?

যেই আপনি সিল ভাঙলেন, তখনই কাউন্টডাউন শুরু। এর তিনটি কারণ আছে।

- প্রথমত, জীবাণু ঢুকে পড়ে: বাইরের বাতাস, ধুলো, ব্যাকটেরিয়া বোতলে ঢুকে পড়ে। ড্রপের মুখ আপনার হাত বা চোখের পাতার সংস্পর্শে আসে।

- দ্বিতীয়ত, প্রিজারভেটিভ দুর্বল হয়ে যায়: যে প্রিজারভেটিভ জীবাণু মারার জন্য দেওয়া থাকে, তার ক্ষমতা খোলার পর ধীরে ধীরে কমতে থাকে।

- তৃতীয়ত, ইনফেকশনের ভয়: চোখ শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। সামান্য ব্যাকটেরিয়াযুক্ত ড্রপ থেকে কর্নিয়ায় মারাত্মক ইনফেকশন, এমনকি অন্ধত্বও হতে পারে। গবেষণায় দেখা গেছে, আমাদের গরম ও আর্দ্র আবহাওয়ায় খোলার ২৮ দিন পর থেকে বোতলে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। তাই WHO-র নিয়ম হলো - Once opened, discard after 28 days.

সব ড্রপের ক্ষেত্রে কি ২৮ দিন?

না, কিছু ব্যতিক্রম আছে।

- প্রিজারভেটিভ-ফ্রি ড্রপ: যেগুলো ছোট ছোট একদিনের ভায়ালে আসে, সেগুলো খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ফেলে দিতে হয়।

- অ্যান্টিবায়োটিক ড্রপ/মলম: কিছু ক্ষেত্রে ৭ থেকে ১৪ দিনের মধ্যে ফেলে দিতে বলা হয়।

- তাই ব্যবহারের আগে লেবেলে লেখা নির্দেশ অবশ্যই পড়ে নিন।

কী করবেন মনে রাখতে?

- বোতল খোলার তারিখটি মার্কার দিয়ে বোতলের গায়ে লিখে রাখুন।

- ২৮ দিন পর যতটা বাকি থাকুক, ফেলে দিন। টাকা বাঁচাতে গিয়ে চোখের ঝুঁকি নেবেন না।

- ড্রপের মুখে কখনোই হাত দেবেন না বা চোখের পাতায় ঠেকাবেন না।

- বেশিরভাগ ড্রপ ২৫ ডিগ্রির নিচে রাখতে হয়, ফ্রিজে রাখার দরকার আছে কি না লেবেলে দেখে নিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।