ফোন একটু স্লো হলেই আমরা রিস্টার্ট বাটন চেপে ধরি। ভাবি ফোন ফাস্ট হয়ে যাবে। কিন্তু বারবার রিস্টার্ট করলে কি আদতে ফোনের ক্ষতি হয়? কখন রিস্টার্ট করা উচিত আর কখন নয়, জানুন আসল তথ্য।
ফোন স্লো হয়ে গেছে, অ্যাপ আটকে গেছে বা গরম হয়ে গেছে, আমাদের প্রথম প্রতিক্রিয়া কী? ফোনটা রিস্টার্ট করে দেওয়া। আর অনেক সময় কাজও হয়, ফোনটা আবার স্মুথ চলতে শুরু করে। কিন্তু ঘন ঘন ফোন স্লো হলেই রিস্টার্ট করা কি ঠিক? উত্তরটা হল, না, সবসময় ঠিক নয়।
রিস্টার্ট করলে আসলে কী হয়?
ফোন রিস্টার্ট করলে ফোনের RAM বা অস্থায়ী মেমরি পুরো খালি হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপ, ক্যাশে ফাইল সব বন্ধ হয়ে যায়। তাই ফোন সাময়িকভাবে ফাস্ট লাগে। এটি ফোনের জন্য মোটেও ক্ষতিকর নয়, বরং মাঝে মাঝে রিস্টার্ট করা ভালো।
তাহলে ক্ষতি কোথায়?
ক্ষতি হয় যখন আপনি দিনে ৪ থেকে ৫ বার বা প্রতি ঘণ্টায় ফোন স্লো হলেই রিস্টার্ট করতে থাকেন।
১. ব্যাটারি ও স্টোরেজের ওপর চাপ: প্রতিবার রিস্টার্টের সময় ফোনকে নতুন করে সব সিস্টেম লোড করতে হয়। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ফোনের ইন্টারনাল স্টোরেজের ওপরও চাপ বাড়ে।
২. আসল সমস্যা থেকেই যায়: ফোন স্লো হওয়ার আসল কারণ যদি হয় স্টোরেজ ভর্তি হয়ে যাওয়া, ভাইরাস বা অনেকদিন ধরে আপডেট না করা, তাহলে বারবার রিস্টার্ট করলে সেই সমস্যা সমাধান হবে না। আপনি শুধু সাময়িক স্বস্তি পাবেন।
কখন রিস্টার্ট করবেন?
বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে ২ থেকে ৩ বার ফোন রিস্টার্ট করাই যথেষ্ট। এটি ফোনকে ভালো রাখে। কিন্তু যদি দিনে একাধিকবার ফোন স্লো হয়, তাহলে রিস্টার্ট না করে এই কাজগুলো করুন:
- ফোনের ক্যাশে মেমরি ক্লিয়ার করুন। - ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন। - ফোনের স্টোরেজের ২০ শতাংশ খালি রাখুন। - অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন।
তাই, স্লো হলেই রিস্টার্ট নয়, বরং কেন স্লো হচ্ছে সেটা খুঁজে বের করুন।


