North Bengal Travel: ভুটান পাহাড়ের হাতছানি, সন্ধ্যা নামলেই জমজমাট আড্ডা! জঙ্গল সাফারির পর পর্যটকদের নতুন ঠিকানা লঙ্কাপাড়া, মাঘে সংক্রান্তি ঘিরে উৎসবের প্রস্তুতি তুঙ্গে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

North Bengal Travel: একদিকে হাতের নাগালে ভুটান পাহাড়ের মনোরম দৃশ্য, অন্যদিকে সন্ধ্যা নামতেই পাহাড়ি হাওয়ায় জমজমাট আড্ডা। দিনের বেলায় জঙ্গল সাফারি, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটানো। পর্যটকদের কাছে ধীরে ধীরে নতুন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে ডুয়ার্সের লঙ্কাপাড়া। তার মধ্যেই এবার উৎসবের আমেজে সাজতে চলেছে ভারত-ভুটান সীমান্তবর্তী এই জনপদ।

পাহাড়ের কোলে একটুকরো স্বর্গ, ঘুরে আসুন উত্তরের এই জনপদ থেকে:-

মাঘে সংক্রান্তি উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি।আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের ভারত-ভুটান সীমান্তে প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে পালিত হতে চলেছে ঐতিহ্যবাহী 'মাঘে সংক্রান্তি' উৎসব। সূর্যের উত্তরায়ণ, শীতের বিদায় এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে নেপাল, সিকিম, দার্জিলিং থেকে শুরু করে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।

আগামী ২০২৭ সালের ১৪ জানুয়ারি লঙ্কাপাড়ায় বসবে এই উৎসবের মূল আসর। উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। উৎসবের আয়োজনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে গঠন করা হয়েছে নতুন কমিটি। কমিটির সভাপতি হিসেবে যুগেশ রাই, সচিব হিসেবে বিনোদ শর্মা এবং কার্যনির্বাহী সভাপতি হিসেবে বিনোদ মোক্তানকে মনোনীত করা হয়েছে। নতুন কমিটির হাত ধরে এবারের মাঘে সংক্রান্তি উৎসবকে আরও বড় আকারে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

তবে শুধু উৎসব নয়, পর্যটকদের জন্যও রয়েছে একাধিক চমক। লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট এ পর্যটন পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনার কথা জানায় পরিচালন সংগঠন।

জানানো হয়েছে, ভিউ পয়েন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এলাকা। পর্যটকদের ছবি তোলার জন্য তৈরি হচ্ছে বিশেষ সেলফি জোন, যার নাম দেওয়া হয়েছে ‘আই লাভ ডুয়ার্স’। ফলে ভুটান পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে নতুন ফটো স্পটও। সবচেয়ে বড় সুখবর স্থানীয় বাসিন্দাদের জন্য। লঙ্কাপাড়া, রামঝোরা ও তুলসীপাড়ার বাসিন্দাদের স্বার্থে ভিউ পয়েন্টে প্রবেশ ও পার্কিং ফি সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাইরের পর্যটকদের জন্যও প্রবেশ ও পার্কিং ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালন সংগঠন।

পর্যটকদের আনাগোনা বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের স্বার্থকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের আমলে এই পর্যটন কেন্দ্রটি কেবলমাত্র তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিনোদনের স্থল ছিল। পর্যটকদের জন্য কোনও কথা ভাবা হয়নি। নবনির্বাচিত কমিটির তরফে এমনটাই তীব্র কটাক্ষ করা হয়েছে। এদিন কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন প্রান্তের পর্যটকরাও লঙ্কাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন। তাঁদের কথায়, ডুয়ার্সের জঙ্গল, নদী আর পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি লঙ্কাপাড়ার মতো জায়গায় সন্ধ্যার পরিবেশও আলাদা আকর্ষণ তৈরি করে।

সব মিলিয়ে জঙ্গল সাফারির রোমাঞ্চের পর এবার পর্যটকদের সন্ধ্যার আড্ডা, ভুটান পাহাড়ের দৃশ্য আর নতুন সেলফি জোনের হাতছানি দিতে প্রস্তুত লঙ্কাপাড়া। তার সঙ্গে ১৪ জানুয়ারির মাঘে সংক্রান্তি উৎসব। ফলে নতুন বছরের শুরুতেই ডুয়ার্সের পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে এই সীমান্তবর্তী জনপদ। পর্যটন মানচিত্রে সরকার পরিবর্তনের পরেই এই পর্যটন কেন্দ্রটি তার নিজস্ব ঐতিহ্য ফিরে পাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।