সন্তান দেরিতে কথা শিখছে? শুধু শিশুর স্ক্রিন টাইম নয়, দায়ী হতে পারে আপনার ফোন ঘাঁটার অভ্যাসও। নতুন গবেষণা বলছে, মা-বাবা সর্বক্ষণ ফোনে ব্যস্ত থাকলে শিশুর ভাষা বিকাশে দেরি হয়। রইল গবেষকদের ৫টি জরুরি পরামর্শ।
অফিস থেকে ফিরে ফোন ঘাঁটা এখন প্রায় সব মা-বাবারই অভ্যাস। কিন্তু নতুন গবেষণা বলছে, এই অভ্যাসের কারণে শিশু দেরিতে কথা বলতে শিখছে! মা-বাবার ফোনে ব্যস্ত থাকা, শিশুকে রাতে ফোন দেখানোর বিষয়ে সতর্ক করলেন গবেষকরা।
গবেষকদের মতে, শিশুরা কথা শেখে শুনে এবং নকল করে। মা-বাবা যখন ফোনে মুখ গুঁজে থাকেন, তখন শিশুর সঙ্গে ‘সার্ভ অ্যান্ড রিটার্ন’ কথোপকথন কমে যায়। শিশু কিছু বলল, বাবা-মা উত্তর দিল - এই আদান-প্রদান না হলে ব্রেনে ভাষার সংযোগ তৈরি হতে দেরি হয়। একে বলা হচ্ছে ‘টেকনোফারেন্স’।
এছাড়া রাতে ঘুমের আগে স্ক্রিন দেখলে শিশুর মেলাটোনিন হরমোন কমে যায়, ঘুম ও মস্তিষ্কের বিকাশ দুটোই ক্ষতিগ্রস্ত হয়।
*মা-বাবা কী করবেন?*
*১. নো-ফোন জোন তৈরি করুন:* খাওয়ার সময়, ঘুমের আগে, স্কুল থেকে ফেরার পর অন্তত ৩০ মিনিট ফোন দূরে রাখুন।
*২. চোখে চোখ রেখে শুনুন:* শিশু কিছু বলতে চাইলে ফোন রেখে তার দিকে তাকিয়ে শুনুন, তার কথার জবাব দিন সঙ্গে সঙ্গে।
*৩. গল্প ও খেলা:* রোজ নিয়ম করে গল্প বলুন, ছড়া বলুন, একসঙ্গে খেলুন। বই পড়ে শোনানো ভাষা শেখার সেরা উপায়।
*৪. কথা শেষ করতে দিন:* শিশু আধো আধো বললেও তাকে তার কথা শেষ করতে দিন, তার হয়ে উত্তর দেবেন না।
*৫. স্ক্রিন কারফিউ:* ঘুমের অন্তত ১ ঘণ্টা আগে থেকে সব স্ক্রিন বন্ধ রাখার অভ্যাস করুন। শিশুকে তো ফোন দেখাবেনই না, সঙ্গে নিজের ফোন দেখার অভ্যাসেও লাগাম টানা জরুরি।














