ফর্সা ত্বক মানেই সুন্দর, এই ভুল ধারণা ভেঙে ত্বকের আসল স্বাস্থ্য বজায় রাখাই প্রকৃত স্কিনকেয়ার। সঠিক ও নিরাপদ পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বেছে নিতে লাইসেন্স, উপাদান এবং প্যাচ-টেস্টের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি।
ফর্সা ত্বক মানেই সুন্দর, এই ভুল ধারণা আজও ভারতীয়দের মনে গভীরভাবে গেঁথে আছে। আগে ফর্সা রংকে সৌন্দর্যের মাপকাঠি ধরা হতো, আর এখন জেন-জি প্রজন্মের ঝোঁক কোরিয়ান ‘গ্লাস স্কিন’-এর দিকে। আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনি তা হলো, ‘তাড়াতাড়ি ফর্সা হওয়ার জন্য কী মাখব?’ আমি যখন তাদের বোঝানোর চেষ্টা করি যে আমি ফর্সা হওয়ার কোনো প্রোডাক্ট বিক্রি করি না এবং ফর্সা হওয়া মানেই সৌন্দর্য নয়, ততক্ষণে তারা অন্য কোনো সিন্থেটিক কেমিক্যাল ব্র্যান্ডের দিকে ঝুঁকে পড়ে। আসলে সঠিক পার্সোনাল কেয়ার কী? কীভাবে নিরাপদে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বেছে নেবেন?
ফর্সা হওয়া মানেই সুন্দর নয়; ফর্সা করা মানেই স্কিনকেয়ার নয়
প্রত্যেক মানুষের ত্বক ও শারীরিক গঠন আলাদা। তাই একটা প্রোডাক্ট সবার ত্বকে একই সময়ে একই রকম কাজ করবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় ও পরিবর্তনশীল অঙ্গ।
শরীরের ভেতরে ও বাইরে যা ঘটে, তার প্রভাব ত্বকের ওপর পড়ে। ত্বকের অনেক সমস্যার কারণ খুঁজলে দেখা যাবে, ভেতরের কোনো সমস্যার কারণেই তা হচ্ছে। তাই শুধু ওপর থেকে কিছু মাখলেই ‘কাচের মতো চকচকে’ ত্বক পাওয়া যাবে, এটা বলা মোটেও ঠিক নয়।
এশিয়ার মানুষদের মধ্যে নানা ধরনের স্কিন টোন দেখা যায়। এর মধ্যে কোনোটা ভালো বা কোনোটা খারাপ নয়। আমাদের আসল গায়ের রংটা বজায় রেখে ত্বককে সুস্থ রাখাই হলো স্কিনকেয়ারের মূল লক্ষ্য। বাইরে থেকে মাখা কোনো প্রাকৃতিক প্রোডাক্ট দিয়ে মানুষের গায়ের রং বদলে দেওয়া সম্ভব নয়। নিয়মিত ব্যবহারের মাধ্যমে রোদে পোড়া দাগ, ব্রণ এবং ব্রণের দাগ কমিয়ে ত্বককে সুস্থ রাখাই হলো স্কিনকেয়ারের কাজ।
নিয়মিত স্কিনকেয়ার করা একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলের অংশ। এটি কোনো ম্যাজিক নয় যে রাতারাতি ত্বকের সব সমস্যা দূর করে দেবে। বরং এটি হলো একটা নিয়মিত সেলফ-কেয়ার রুটিন। এমন স্কিনকেয়ারই দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যকর ফল দেয়।
ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব
স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার সময় একজন ক্রেতা হিসেবে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি:
১) প্রোডাক্টটি ভারতের নিয়ম মেনে বাজারে এসেছে কি না, তা জানতে ‘ড্রাগস অ্যান্ড কসমেটিকস লাইসেন্স নম্বর’ চেক করুন। আমাদের দেশে সঠিক নিয়ম মেনে তৈরি সব কসমেটিক প্রোডাক্টের গায়ে এই লাইসেন্স নম্বর থাকে।
২) প্রোডাক্টের ব্যাচ নম্বর ও তৈরির তারিখ দেখে নিন। এটি ব্যবহারের উপযুক্ত কি না, তা বোঝার জন্যই এটা দেখতে হয়।
৩) লেবেলে লেখা উপাদানগুলো ভালো করে পড়ুন। এতে কোনো অ্যালার্জেন বা ক্ষতিকারক রাসায়নিক আছে কি না, তা এখান থেকে জানা যাবে।
৪) কোম্পানির সঠিক কাস্টমার কেয়ার নম্বর বা পলিসি আছে কি না, তা যাচাই করে নিন।
৫) যেকোনো প্রোডাক্ট কেনার পর প্যাচ-টেস্ট করে সেটি নিরাপদ কি না, তা নিশ্চিত হয়ে তবেই ব্যবহার করুন।
এই নিয়মগুলো মেনে চললে ভয় ছাড়াই স্কিনকেয়ার প্রোডাক্ট বেছে নেওয়া যাবে।










