সাধারণ অম্বল বা গ্যাস অনেক সময় প্যানক্রিয়াটিক ক্যানসারের মতো মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে। প্রাথমিক লক্ষণগুলো চিনে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে এই রোগ সারানো সম্ভব।
অম্বল, গ্যাস বা হজমের সমস্যাকে আমরা সাধারণত খুব একটা পাত্তা দিই না। নিজেরাই গ্যাসের ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি খুঁজি। কিন্তু আপনি কি জানেন, দিনের পর দিন হজমের এই সমস্যা আসলে প্যানক্রিয়াসের কোনও মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে?
অন্যান্য ক্যানসারের মতো প্যানক্রিয়াটিক ক্যানসারের প্রাথমিক পর্যায়ে খুব একটা ব্যথা বা স্পষ্ট লক্ষণ দেখা যায় না। যে কারণে রোগটা অনেক সময়ই আড়ালে থেকে যায়। তাই এই রোগ সম্পর্কে সচেতনতা, প্রাথমিক লক্ষণগুলোকে চিনতে পারা এবং সময়মতো সঠিক চিকিৎসা শুরু করা খুব জরুরি।
প্যানক্রিয়াস ও হজমের সম্পর্ক
পাকস্থলীর ঠিক পিছনেই থাকে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। হজম প্রক্রিয়ার মূল কেন্দ্র এটিই। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন তো তৈরি করেই, পাশাপাশি খাবার থেকে ফ্যাট, প্রোটিন আর কার্বোহাইড্রেট ভেঙে শরীরকে পুষ্টি জোগাতে পাচক রসও তৈরি করে প্যানক্রিয়াস।
প্যানক্রিয়াসে, বিশেষ করে এর মাথার দিকে যখন টিউমার হয়, তখন সেটি প্যানক্রিয়াটিক নালির পথ আটকে দেয়। ফলে পাচক রস ক্ষুদ্রান্ত্রে পৌঁছতে পারে না এবং খাবার ঠিকমতো হজম হয় না। ডাক্তারি পরিভাষায় একে এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ইনসাফিশিয়েন্সি বা ইপিআই বলা হয়।
যে লক্ষণগুলো এড়িয়ে যাবেন না
যেহেতু এই ক্যানসারের প্রাথমিক লক্ষণ খুব একটা স্পষ্ট নয়, তাই নিচের লক্ষণগুলো টানা কয়েকদিন দেখলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত:
অকারণে ওজন কমা: ডায়েট বা ব্যায়াম না করেও যদি ছ'মাসের মধ্যে ৫ থেকে ১০ শতাংশের বেশি ওজন কমে যায়, তবে সতর্ক হোন। শরীর পুষ্টি শোষণ করতে পারে না বলেই এমনটা হয়।
জন্ডিস: প্যানক্রিয়াসের টিউমার পিত্তনালির পথ আটকে দিলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায়, প্রস্রাবের রং গাঢ় হয়, মল ফ্যাকাসে হয় এবং গা চুলকোতে পারে।
পেট ও পিঠে ব্যথা: খাবার খাওয়ার পর বা শুয়ে থাকলে এই ব্যথা বাড়তে পারে।
ডায়াবেটিস: পরিবারে কারও ডায়াবেটিস নেই, ওজনও স্বাভাবিক, তাও যদি ৫০ বছরের পর হঠাৎ ডায়াবেটিস ধরা পড়ে, তবে তা প্যানক্রিয়াটিক ক্যানসারের ইঙ্গিত হতে পারে।
ঝুঁকি কাদের বেশি?
নিচের কারণগুলো থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে:
ধূমপান: প্যানক্রিয়াটিক ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।
বয়স: ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস: প্যানক্রিয়াসে দীর্ঘস্থায়ী প্রদাহ।
পারিবারিক ইতিহাস ও জেনেটিক্স: পরিবারে একাধিক ব্যক্তির এই রোগ থাকলে বা BRCA1/BRCA2 জিনের মিউটেশন থাকলে ঝুঁকি বাড়ে।
ওজন ও জীবনযাপন: অতিরিক্ত ওজন এবং বেশি মাত্রায় মদ খাওয়ার অভ্যাস রোগ ডেকে আনতে পারে।
রোগ ধরা পড়তে দেরি হওয়ার কারণ ও পরীক্ষা
হজমের সমস্যা নিয়ে এলে প্রথমে যে এন্ডোস্কোপি করা হয়, তাতে শুধু পাকস্থলীর ভেতরটা দেখা যায়। সাধারণ আল্ট্রাসাউন্ডেও অনেক সময় অন্ত্রের গ্যাসের কারণে প্যানক্রিয়াসের ছোট টিউমার ধরা পড়ে না। তাই লক্ষণ থাকলে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বা অঙ্কোলজিস্টের পরামর্শে নিচের পরীক্ষাগুলো করাতে হবে:
প্যানক্রিয়াস প্রোটোকল সিটি স্ক্যান: এতে প্যানক্রিয়াস ও রক্তনালিগুলো খুব স্পষ্টভাবে দেখা যায়।
এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড (EUS): এন্ডোস্কোপের মাথায় থাকা আল্ট্রাসাউন্ড দিয়ে ছোট টিউমার খুঁজে বের করা ও বায়োপসি করা যায়।
মল ও রক্ত পরীক্ষা: ফিকাল ইলাস্টেজ পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট (LFT) এবং CA 19-9 টিউমার মার্কার পরীক্ষা করা হয়।
চিকিৎসা ও পুষ্টি
প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আধুনিক চিকিৎসায় এই ক্যানসার সারানো সম্ভব:
সার্জারি: রোগ প্যানক্রিয়াসের মধ্যেই থাকলে টিউমার কেটে বাদ দেওয়া হয়।
কেমোথেরাপি: ক্যানসার কোষ ধ্বংস করতে এবং রোগ ছড়ানো আটকাতে সার্জারির আগে বা পরে ওষুধ দেওয়া হয়।
টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি: জেনেটিক পরীক্ষার ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিবর্তনগুলোকে লক্ষ্য করে চিকিৎসা।
রেডিয়েশন থেরাপি ও প্যালিয়েটিভ কেয়ার: ব্যথা কমাতে, পিত্তনালির বাধা দূর করতে এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে।
এছাড়া পাচক রসের ঘাটতি মেটাতে ডাক্তাররা প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি (PERT) দিয়ে থাকেন। খাবারের সাথে এই এনজাইম ট্যাবলেট খেলে শরীর পুষ্টি পায় এবং রোগীর ওজন ও স্বাস্থ্য ফেরে।











