দ্বিতীয় সপ্তমীর সন্ধ্যায় বাড়িতে বন্ধুরা আসছে? চা-এর সঙ্গে স্ন্যাক্স হিসেবে বা ডিনারে রুটির সঙ্গে জমে যাবে নার্গিসি কোফতা। চিকেন আর ডিম দিয়ে তৈরি এই মুঘলাই পদটি বানানোও খুব সহজ। রইল সম্পূর্ণ রেসিপি।
দ্বিতীয় সপ্তমীর সন্ধ্যায় বাড়িতে বন্ধুরা আসছে? চা-এর সঙ্গে স্ন্যাক্স হিসেবে বা ডিনারে রুটির সঙ্গে জমে যাবে নার্গিসি কোফতা। চিকেন আর ডিম দিয়ে তৈরি এই মুঘলাই পদটি বানানোও খুব সহজ। রইল সম্পূর্ণ রেসিপি।
পুজোর আড্ডা মানেই বাড়িতে বন্ধুদের ভিড়। আর আড্ডার সঙ্গে যদি থাকে একটু স্পেশাল কিছু, তাহলে তো কথাই নেই। দ্বিতীয় সপ্তমীর সন্ধ্যাটা স্পেশাল করে তুলতে বানিয়ে ফেলতে পারেন নার্গিসি কোফতা। নামটা ভারী হলেও রান্নাটা একদম সহজ। বাইরে নরম চিকেনের কিমা, ভিতরে গোটা সিদ্ধ ডিম, আর ওপরে মশলাদার গ্রেভি। কারি বানাতে ইচ্ছে না করলে শুধু কোফতাটা ভেজে সস বা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন।
উপকরণ:
কোফতা তৈরির জন্য:
২০০ গ্রাম চিকেন কিমা, ৩টে সিদ্ধ ডিম, ১ টেবিল চামচ বেরেস্তা, ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ টেবিল চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ আমচুর পাউডার, ১ চিমটে গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ১ টেবিল চামচ রোস্টেড বেসন, স্বাদ মতো নুন।
গ্রেভি তৈরির জন্য:
পরিমাণমতো তেল, ১ টেবিল চামচ গোটা জিরে, ১টা তেজপাতা, ২-৩টে সবুজ এলাচ এবং ১টা বড় এলাচ, ১ ইঞ্চি দারুচিনির টুকরো, ৩-৪টে গোটা গোলমরিচ, ২-৩টে লবঙ্গ, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ বেরেস্তা, ২টো টমেটো কুচি, ১/২ কাপ টক দই, ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ২ টেবিল চামচ কাজু বাদাম বাটা, ১ টেবিল চামচ ধনে-জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ২-৩টে কাঁচা লঙ্কা চেরা, ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি এবং স্বাদমতো নুন।
প্রণালী:
১. কোফতা তৈরি: প্রথমে চিকেন কিমার সঙ্গে বেরেস্তা, আদা-রসুন-কাঁচালঙ্কা কুচি, সব গুঁড়ো মশলা, রোস্টেড বেসন, ধনেপাতা কুচি ও নুন দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ঢেকে রাখুন। এবার সিদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিন। কিমার মিশ্রণ হাতে নিয়ে প্রতিটি ডিমকে ভালোভাবে কোট করে নিন, যাতে ডিম ঢাকা পড়ে যায়। এটি হল নার্গিসি কোফতার আসল রূপ।
২. ভাজা: কড়াইতে তেল গরম করে কোফতাগুলো মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন। খুব বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যেতে পারে। চাইলে এই ভাজা কোফতাই স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন।
৩. গ্রেভি তৈরি: একই তেলে গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে আদা-রসুন বাটা, টমেটো কুচি দিয়ে কষান। এরপর বেরেস্তা, টক দই, হলুদ, লাল লঙ্কা, ধনে-জিরে গুঁড়ো, কাজু বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে। পরিমাণ মতো গরম জল ও নুন দিন।
৪. ফাইনাল টাচ: গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা কোফতাগুলো আস্তে করে ছেড়ে দিন। ৫-৬ মিনিট ঢেকে রান্না করুন। ওপরে গরম মশলা, চেরা কাঁচালঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিন।
কোফতাগুলো মাঝখান থেকে দু-ভাগ করে কাটুন, ভিতরে ডিমের সুন্দর লেয়ার দেখা যাবে। গরম গরম পরিবেশন করুন রুমালি রুটি, নান বা পোলাওয়ের সঙ্গে।








