Egg Korma Recipe: রোজকার ডিমের ঝোল খেয়ে একঘেঁয়ে? বানিয়ে ফেলুন নবাবি স্টাইলের ডিমের স্পেশাল কোরমা। কাজু-পোস্ত-টক দইয়ের সাদা গ্রেভি, ঘি-গরম মশলার গন্ধ, সেদ্ধ ডিম ভেজে হালকা মিষ্টি ঝোলে ডুবিয়ে দিলেই তৈরি রাজকীয় পদ। পোলাও, পরোটা, বাসন্তী পোলাওয়ের সঙ্গে জমে যাবে। অতিথি এলে এই একটা আইটেমই যথেষ্ট প্রশংসা কুড়োতে।

Special Egg Korma: ডিম সেদ্ধ করে আলুর দমের মতো ঝোল? ওটা এবার পুরনো। অতিথি এলে বা বাড়িতে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলে বানান ডিমের শাহী কোরমা। রেস্তোরাঁপ মতো স্বাদ, কিন্তু রান্না খুব সোজা। এই রেসিপি ফলো করলে বাড়ির লোক থেকে আত্মীয়, সবাই আঙুল চাটবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উপকরণ

ডিম ৬টা, পেঁয়াজ ২টো বড়, আদা-রসুন বাটা ২ চামচ, টক দই ১/২ কাপ, কাজু ১৫টা, পোস্ত ১ চামচ, চারমগজ ১ চামচ, কাঁচা লঙ্কা ৪টে, ঘি ২ চামচ, সাদা তেল ৪ চামচ, তেজপাতা দুটো, দারচিনি ১ ইঞ্চি, এলাচ ৪টে, লবঙ্গ চারটে, নুন-চিনি স্বাদমতো, কেওড়া জল ১/২ চামচ, গোলাপ জল কয়েক ফোঁটা, কিসমিস ১০-১২টা।

প্রণালী

১. ডিম তৈরি: ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। ছুরি দিয়ে হালকা চিরে দিন যাতে মশলা ঢোকে। সামান্য নুন-হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, শক্ত হয়ে যাবে।

২. কোরমার সাদা পেস্ট: কাজু, পোস্ত, চারমগজ ১৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। একটা পেঁয়াজ সেদ্ধ করে নিন। এবার ভেজানো কাজু-পোস্ত-চারমগজ, সেদ্ধ পেঁয়াজ, ২টো কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নিন। এটাই কোরমার আসল বেস।

৩. রান্না শুরু: কড়াইতে সাদা তেল আর ১ চামচ ঘি গরম করুন। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। গন্ধ বেরোলে ১টা পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। পেঁয়াজ বেরেস্তা ভাজা হবে না, শুধু নরম হবে। এরপর আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিট কষান। কাঁচা গন্ধ গেলে কাজু-পোস্তের পেস্টটা দিয়ে দিন। গ্যাস কমিয়ে ৫-৬ মিনিট কষান। মাঝে মাঝে নাড়বেন, নইলে তলায় ধরে যাবে।

৪. দই আর মশলা: টক দই ভালো করে ফেটিয়ে নিন যাতে দানা না থাকে। কষানো মশলায় দইটা দিয়ে দিন। সঙ্গে স্বাদমতো নুন, ১ চামচ চিনি দিন। কোরমা হালকা মিষ্টি হয়। গ্যাস একদম কম থাকবে, নইলে দই কেটে যাবে।

৫. ডিম দেওয়া: মশলা থেকে তেল ছাড়লে ১ কাপ গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা ডিমগুলো ছেড়ে দিন। কিসমিস দিন। ৫ মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে রাখুন। বেশি ফোটাবেন না, ডিম শক্ত হয়ে যাবে।

৬. ফিনিশিং: গ্যাস বন্ধ করে ১ চামচ ঘি, কেওড়া জল, গোলাপ জল ছড়িয়ে দিন। ২টো চেরা কাঁচা লঙ্কা দিন গন্ধের জন্য। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ব্যস, তৈরি আপনার স্পেশাল ডিমের কোরমা।

সিক্রেট টিপস

১. দই দেওয়ার সময় গ্যাস একদম লো রাখবেন। চাইলে দইয়ে ১ চামচ ময়দা গুলে নিতে পারেন, কাটবে না। 

২. পেঁয়াজ বেশি লাল করে ভাজবেন না। কোরমা সাদা হবে। 

৩. চিনি দিতে ভুলবেন না। শাহী কোরমা মানেই হালকা মিষ্টি। 

৪. নামানোর আগে ১ চামচ ফ্রেশ ক্রিম দিলে রেস্তোরাঁর মতো রিচ হবে।

পোলাও, জিরা রাইস, রুমালি রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন। দেখবেন বাটি চেটেপুটে সাফ। সবাই রেসিপি চাইবেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।