ভারতীয় রেলে এসি কোচের বিছানায় সাদা চাদর ব্যবহারের পেছনে একাধিক বৈজ্ঞানিক কারণ রয়েছে। সাদা রঙে ময়লা সহজে চোখে পড়ে, গরম জলে ও ব্লিচ দিয়ে জীবাণুমুক্ত করা যায় এবং এটি যাত্রীদের মনে পরিচ্ছন্নতা ও শান্তির অনুভূতি জাগায়।

ট্রেনে উঠেই এসি কোচের সাদা বিছানা দেখে আপনারও কি হাসপাতালের কথা মনে হয়? সোশ্যাল মিডিয়ায় তো এই নিয়ে মিমের বন্যা। অনেকে মজা করে বলেন, "এসি কোচ না হাসপাতালের বিছানা!"। ব্যাপারটা মজার হলেও, ভারতীয় রেলের (Indian Railways) এই সাদা চাদর বেছে নেওয়ার পেছনে কিন্তু বেশ কয়েকটি সায়েন্টিফিক এবং গুরুত্বপূর্ণ কারণ আছে। চলুন, জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সাদা কাপড়ে ময়লা চট করে চোখে পড়ে!

প্রথম কারণটা খুব সহজ। ট্রেনের যাত্রা বেশ কয়েক ঘণ্টার হয় এবং প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই বেডশিট ব্যবহার করেন। রেল চাদরগুলো ঠিকমতো পরিষ্কার করেছে কিনা, তা যাত্রীরা এক ঝলকেই বুঝে যেতে পারেন সাদা রঙের জন্য। সাদা চাদরে সামান্য দাগ লাগলেও সেটা সঙ্গে সঙ্গে বোঝা যায়। রঙিন চাদর হলে কিন্তু ময়লা বা দাগ সহজে লুকিয়ে ফেলা যেত। যাত্রীদের মনে পরিচ্ছন্নতা নিয়ে ভরসা জোগাতেই এই ব্যবস্থা।

শুধু তাই নয়, বহু মানুষ ব্যবহার করায় চাদরে ব্যাকটেরিয়া বা জীবাণু ছড়ানোর ভয় থাকে। এই সমস্যা দূর করতে রেলের আধুনিক লন্ড্রিগুলিতে খুব গরম জলে এই চাদরগুলো কাচা হয়। রঙিন কাপড় এত বেশি তাপমাত্রায় কাচলে তার রঙ উঠে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু সাদা কাপড়ের সেই ভয় নেই।

ব্লিচিং করলেও নষ্ট হয় না

চাদরে অনেক সময় এমন দাগ লাগে যা সাধারণ ডিটারজেন্টে ওঠে না। তখন ক্লোরিন ব্লিচের মতো কড়া রাসায়নিক ব্যবহার করে দাগ তোলা এবং জীবাণুমুক্ত করা হয়। রঙিন কাপড়ে ব্লিচ ব্যবহার করলে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে ফ্যাকাসে হয়ে যায়, দেখতে খারাপ লাগে। কিন্তু সাদা কাপড় যতবার ব্লিচ করা হয়, তা ততই উজ্জ্বল আর ঝকঝকে হয়ে ওঠে।

এছাড়াও, রেলকে প্রতিদিন লক্ষ লক্ষ চাদর কাচতে হয়। যদি নানা রঙের চাদর থাকত, তাহলে "লালের সঙ্গে নীল মেশানো যাবে না"—এই ভেবে আলাদা করে কাচতে হতো। এতে অনেক সময় ও পরিশ্রম লাগত। কিন্তু সব চাদর সাদা হওয়ায় একসঙ্গে মেশিনে দিয়ে দেওয়া যায়। এতে রেল কর্মীদের সময় ও খাটনি দুটোই বাঁচে।

সবশেষে, এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। রঙের বিজ্ঞান অনুযায়ী, সাদা রঙ শান্তি, পরিচ্ছন্নতা আর আরামের প্রতীক। বিশ্বের বড় বড় পাঁচতারা হোটেলেও কিন্তু এই কারণেই সাদা চাদর ব্যবহার করা হয়। ট্রেনে উঠে পরিষ্কার সাদা বিছানা দেখলে যাত্রীদের মনে একটা স্বস্তি আর সুরক্ষার অনুভূতি হয় বলে অনেক সমীক্ষায় জানা গেছে।