Tonglu: দার্জিলিং-এর কাছেই বেড়ানোর নতুন ঠিকানা টোংলু। ভিড় এড়িয়ে শান্ত পাহাড়ে শীতের ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন এখানে। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী দেখবেন, জেনে নিন।
দার্জিলিং মানেই ম্যাল রোডের ভিড়, কেভেন্টার্সের সামনে লম্বা লাইন, টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের হুড়োহুড়ি। বছরের পর বছর একই জায়গায় ঘুরতে ঘুরতে কি এক ঘেয়েমি লাগছে? পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে যদি ভিড়, যানজট আর কোলাহল থেকে দূরে থাকতে চান, তাহলে এবার গন্তব্য বদলে ফেলুন। চলে যান মেঘের রাজ্যে, যেখানে ঘুম ভাঙবে পাখির ডাকে, জানলার বাইরে ভেসে বেড়াবে মেঘ আর চোখের সামনে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে অপরূপ কাঞ্চনজঙ্ঘা। জায়গাটির নাম টোংলু।
বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা টোংলু
দার্জিলিংয়ের কাছেই অবস্থিত এই স্বল্প পরিচিত পাহাড়ি জনপদ যেন প্রকৃতি প্রেমীদের কাছে এক টুকরো স্বর্গ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১০,১৩০ ফুট উচ্চতায় অবস্থিত টোংলু সান্দাকফু যাওয়ার পথের অন্যতম আকর্ষণীয় জায়গা। মানেভঞ্জন থেকে সান্দাকফুর পথে এগোলেই পৌঁছে যাওয়া যায় এই ছোট্ট পাহাড়ি গ্রামে। দার্জিলিং থেকে দূরত্ব আনুমানিক ৩৫ কিলোমিটার। তবে এখানে পৌঁছনোর পর মনে হবে, শহরের ব্যস্ত পৃথিবী থেকে বহু দূরে মেঘের দেশে চলে এসেছেন।

হয়তো ভাবছেন কেন আপনার পরবর্তী ভ্রমণের ঠিকানা হতে পারে টোংলু? চলুন তবে আর একটু তথ্য দিয়ে বিস্তারিত জানাই - টোংলুতে আসার অন্যতম বড় আকর্ষণ কাঞ্চনজঙ্ঘার মনমুগ্ধকর দৃশ্য। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে হিমালয়ের বিস্তৃত পর্বতশ্রেণির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। ভোরের আলোয় বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় যখন সূর্যের প্রথম সোনালি রোদ পড়ে, তখন তৈরি হয় এক স্বপ্নময় পরিবেশ। দেখা মেলে বিখ্যাত 'স্লিপিং বুদ্ধা'র। পরিষ্কার আবহাওয়ায় দূরের এভারেস্ট শৃঙ্গও নজরে আসতে পারে। টোংলুর প্রকৃত সৌন্দর্য লুকিয়ে রয়েছে তার মেঘের খেলায়। কখনও পাহাড়ের গায়ে সাদা মেঘের চাদর, কখনও আবার চোখের সামনে মেঘের সমুদ্র। সকালে রোদ, দুপুরে মেঘ আর বিকেলে ঘন কুয়াশা প্রকৃতির এই রূপ বদল পর্যটকদের মুগ্ধ করে। চারপাশের পাইন ও রডোডেনড্রন গাছের সারি পেরিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে যেন কোনও রূপকথার জগতে প্রবেশ করেছেন। দার্জিলিংয়ের মতো গাড়ির হর্ন, যানজট কিংবা হোটেলের ভিড় এখানে নেই। আছে পাহাড়ি হাওয়ার শোঁ শোঁ শব্দ, নাম না জানা পাখির ডাক আর প্রকৃতির নিজস্ব ছন্দ। সন্ধ্যা নামলেই আকাশজুড়ে ফুটে ওঠে অসংখ্য তারা। শহরের আলোকদূষণ থেকে দূরে থাকায় রাতের আকাশও হয়ে ওঠে অসাধারণ। যাঁরা নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে চান, তাঁদের জন্য আদর্শ ঠিকানা টোংলু। এছাড়াও,যাঁরা পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন, তাঁদের কাছেও টোংলু বেশ আকর্ষণীয়। মানেভঞ্জন থেকে পায়ে হেঁটে টোংলু পৌঁছনোর সুযোগ রয়েছে। পথের দু'পাশে পাহাড়ি বন, উপত্যকা আর মেঘের আনাগোনা ট্রেকিংয়ের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। তবে উচ্চতা ও আবহাওয়ার কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই যাত্রা করা উচিত।
চলুন এবার আপনাকে আপনার যাত্রা পথ আরও মর্সিন করে দেই, প্রথমত কীভাবে পৌঁছবেন টোংলুতে? উত্তর এখানেই আছে - সর্বপ্রথম কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের যে কোন স্থান থেকে যদি আপনি যাত্রা পথ শুরু করেন, আপনার জন্য তিনটি পথ খোলা রয়েছে। আকাশ পথে হলে বাগডোগরা বিমানবন্দর, রেল পথ হলে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন কিংবা শিলিগুড়ি জংশন। আর যদি বাসে আসতে চান তবে সরকারি কিংবা বেসরকারি যে কোন বাস ধরে সোজা শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস। এরপর শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে মানেভঞ্জন। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। মানেভঞ্জন থেকে স্থানীয় ল্যান্ড রোভার অথবা উপযুক্ত চার চাকার গাড়িতে টোংলু যাওয়া যায়। চাইলে অভিজ্ঞ গাইডের সাহায্য নিয়ে ট্রেকিং করেও পৌঁছতে পারেন গন্তব্যে।
এবার জানিয়ে রাখি আপনি থাকবেন কোথায়, খরচই বা কত?
টোংলুতে থাকার জন্য রয়েছে সীমিত সংখ্যক ট্রেকার্স হাট ও হোমস্টে। পাহাড়ের কোলে সাধারণ অথচ মনোরম পরিবেশে থাকার সুযোগ পাবেন পর্যটকরা। হোমস্টেতে মিলবে ঘরোয়া পাহাড়ি খাবার, গরম ভাত, ডাল, তরকারি এবং স্থানীয় আতিথেয়তা। থাকার জায়গা কম হওয়ায় যাওয়ার আগে বুকিং করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

পরিশেষে সর্বোপরি জানা বললেই নয়,কখন যাবেন টোংলুতে?
অক্টোবর মাস থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে মে এই সময় টোংলু ভ্রমণের জন্য বেশ জনপ্রিয়। শীতকালে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। অনুকূল পরিস্থিতিতে তুষার পাতেরও দেখা মিলতে পারে। তবে বর্ষাকালে ভারী বৃষ্টি, কুয়াশা ও পাহাড়ি রাস্তার পরিস্থিতির কারণে যাতায়াতে সমস্যা হতে পারে।
তবে আর দেরি কিসের? এবার ছুটির গন্তব্য হোক একটু অন্যরকম!
পাহাড় মানেই যে দার্জিলিংয়ের ভিড় কিংবা পরিচিত পর্যটনকেন্দ্র, তা কিন্তু নয়। কখনও কখনও অচেনা কোনও পাহাড়ি গ্রামই উপহার দিতে পারে জীবনের অন্যতম সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা। যেখানে নেই শহরের ব্যস্ততা, নেই প্রতিযোগিতা করে ছবি তোলার তাড়া। শুধু পাহাড়, মেঘ, পাইনবন আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ হাতছানি। তাই এবারের ছুটিতে চেনা দার্জিলিংয়ের বাইরে বেরিয়ে পড়ুন। গন্তব্য হোক টোংলু। মেঘের দেশে কয়েকটা দিন কাটিয়ে ফিরুন একরাশ স্মৃতি নিয়ে।














