Unique Recipe: বর্ষার বাজারে ঝিঙে-পটল-বেগুনে ভর্তি। কিন্তু রোজ একই তরকারি খেয়ে মুখ পাল্টে গেছে। তাই ঝিঙে দিয়েই বানিয়ে ফেলুন অন্যরকম একটা পদ। নাম তার ঝিঙের রসগোল্লা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন জিভে জল আনা।
Ridge Gourd Rasogolla: বর্ষা এলেই বাজারের থলি ভরে ওঠে রকমারি সব্জিতে। ঝিঙে, পটল, বেগুন, কুমড়ো, আলু সবই থাকে। কিন্তু সমস্যা হল রোজ একই ভাবে তরকারি বা ভাজা খেতে খেতে বাড়ির লোকের মুখে আর রুচি থাকে না। বিশেষ করে ছোটরা তো ঝিঙে-পটলের নাম শুনলেই প্লেট সরিয়ে দেয়। তাদের বোঝানোই যায় না যে সব্জি শরীরের জন্য কত দরকারি। এই একঘেয়েমি কাটাতেই আজকের রেসিপি। নাম শুনে অনেকে ভাবতে পারেন এটা আবার মিষ্টি নাকি। না, এটা একদমই ঝাল-ঝাল নিরামিষ পদ। ঝিঙে আর সেদ্ধ আলু দিয়ে প্রথমে গোল গোল বল বানিয়ে নিতে হবে। তারপর সেই বলগুলো হালকা করে ভেজে মশলাদার ঝোলে ফেলে দিলেই তৈরি ঝিঙের রসগোল্লা। নামটা শুনতে যতটা মজার, খেতে তার থেকেও বেশি মজা। গরম ভাতের সঙ্গে এমন জমে যে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে।
কীভাবে ঝিঙের রসগোল্লা তৈরি করবেন?
প্রথমে বড় সাইজের ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার পর ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেটা ভালো করে চিপে ফেলে দিতে হবে। নাহলে বল বানাতে গেলে ভেঙে যাবে। এই চিপে রাখা ঝিঙের মধ্যে দিয়ে দিন সেদ্ধ আলু। আলুটা ম্যাশ করে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিন। এবার স্বাদ বাড়ানোর জন্য দিন পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। বাঁধার জন্য দিয়ে দিন বেসন। সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মেখে নিন। মাখাটা একটু শক্ত শক্ত হবে। এবার হাত দিয়ে ছোট ছোট গোল বলের আকার দিন। দেখতে একদম রসগোল্লার মতো লাগবে। কড়াইতে সর্ষের তেল গরম করে এই বলগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ক্রিস্পি হলেই হবে। এবার ঝোলের পালা। ওই একই তেলে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিন। গন্ধটা বেরোতেই দিয়ে দিন ডুমো করে কাটা আলু, বেগুন আর পটল। সব্জিগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিন আদা বাটা আর টমেটো কুচি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে আস্তে করে ভেজে রাখা ঝিঙের বলগুলো ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ মিনিট ফোটালেই হবে। বেশি ফোটালে বল ভেঙে যেতে পারে। নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। গ্যাস বন্ধ করে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এই সময়ে বলগুলো ঝোল টেনে আরও নরম আর রসালো হয়ে যাবে।
উপকরণ:
ঝিঙের বলের জন্য:
১. ঝিঙে - তিনটে, বড় সাইজের
২. আলু - একটা মাঝারি, সেদ্ধ করা
৩. পেঁয়াজ কুচি - একটা ছোট ৪
. আদা-রসুন বাটা - এক চা চামচ ৫
. বেসন - ২ টেবিল চামচ
৬. নুন - স্বাদ মতো
৭. হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ 8
৮. জিরে গুঁড়ো - ১/২ চা চামচ
৯. ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
১০. কাঁচা লঙ্কা কুচি - দুটো
১১. ধনেপাতা কুচি - এক মুঠো
১২. ভাজার জন্য সর্ষের তেল - পরিমাণ মতো
ঝোলের জন্য:
১. আলু - একটা, ডুমো করে কাটা
২. বেগুন - একটা, ডুমো করে কাটা
৩. পটল - 3টে, খোসা ছাড়িয়ে চেরা
৪. টমেটো - একটা বড়, কুচি করা
৫. আদা বাটা - ১ চা চামচ
৬. হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
৭. জিরে গুঁড়ো - ১ চা চামচ
৮. ধনে গুঁড়ো - ১ চা চামচ
৯. গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ
১০. কাঁচা লঙ্কা - দুটো, চেরা
১১. তেজপাতা - একটা
১২. শুকনো লঙ্কা - একটা
১৩. পাঁচফোড়ন - ১/২ চা চামচ
১৪. নুন - স্বাদ মতো
১৫. রান্নার জন্য সর্ষের তেল - ৩ টেবিল চামচ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


