শীতকালে আমাদের শ্বাসযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এর সঙ্গে যুক্ত হয় মরসুমি সংক্রমণ এবং বাতাসের খারাপ মান। সব মিলিয়ে এই সময় সমস্যা আরও গুরুতর আকার নিতে পারে।

শীতকালে কি আপনি বেশি অসুস্থ হয়ে পড়েন? এই সময় অনেকেই সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর বা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভোগেন। শীতকালে তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন আমাদের জীবনযাত্রায় প্রভাব ফেলে। এর জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

গাজিয়াবাদের বৈশালীতে অবস্থিত ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের ডিরেক্টর ড. রবীন্দ্র কুমার দিওয়ান জানান, শীতকাল আমাদের শ্বাসযন্ত্রের ওপর বেশি চাপ সৃষ্টি করে। এর সঙ্গে মরসুমি সংক্রমণ এবং খারাপ বায়ু মিলে সমস্যা আরও বাড়িয়ে তোলে। ফলে শ্বাসকষ্টজনিত উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং সুস্থ হতে বেশি সময় লাগে।

ঠান্ডা ও শুষ্ক বাতাস আমাদের সংবেদনশীল শ্বাসনালীকে উত্তেজিত করে, যার ফলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হতে পারে। একই সঙ্গে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা (PM2.5) ফুসফুসের গভীরে প্রবেশ করে। এতে প্রদাহ সৃষ্টি হয় এবং শরীরের স্বাভাবিক শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, দূষণ সরাসরি ভাইরাল সংক্রমণের কারণ না হলেও, এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি ও তীব্রতা বাড়িয়ে দিতে পারে। হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) বা ব্রঙ্কিয়েক্টেসিসের মতো আগের শ্বাসকষ্টজনিত রোগ যাঁদের আছে, তাঁরা বেশি ঝুঁকিতে থাকেন। শিশু, বয়স্ক মানুষ এবং হৃদরোগীদেরও এই সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।

এমনকী সুস্থ মানুষদেরও সংক্রমণের পরে দীর্ঘদিন ধরে কাশি থাকতে পারে। শ্বাসনালীতে প্রদাহ এবং শ্বাসনালীর অতিরিক্ত সংবেদনশীলতাই এর মূল কারণ। অনেক সময় দূষণজনিত সমস্যা এবং সংক্রমণের মধ্যে পার্থক্য বোঝা মুশকিল হয়ে পড়ে, বিশেষ করে যখন দুটোই একসঙ্গে ঘটে।

শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। কারণ, বেশিরভাগ তীব্র কিন্তু জটিলতাহীন শ্বাসযন্ত্রের সংক্রমণ মূলত ভাইরাসের কারণে হয়, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনও প্রয়োজন নেই।