Lakshya Sen: ইতিহাস গড়ার একেবারে কাছ থেকে ফিরলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। প্রকাশ পাড়ুকোন, পুলেল্লা গোপিচাঁদের পর তৃতীয় ভারতীয় পুরুষ হিসাবে অল ইংল্যান্ড ওপেন ব্য়াডমিন্টনে খেতাব জেতা হল না বাঙালি লক্ষ্য-র।
Lakshya Sen: ইতিহাস গড়ার একেবারে কাছ থেকে ফিরলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। প্রকাশ পাড়ুকোন, পুলেল্লা গোপিচাঁদের পর তৃতীয় ভারতীয় পুরুষ হিসাবে অল ইংল্যান্ড ওপেন ব্য়াডমিন্টনে খেতাব জেতা হল না বাঙালি লক্ষ্য-র। বার্মিংহ্যামের উতিলিতা এরিনায় ফাইনালে চাইনিজ তাইপের সি ওয়াই লিনের কাছে হেরে ইতিহাস গড়া হল না লক্ষ্য সেনের। দীর্ঘ ২৫ বছর পর অল ইংল্য়ান্ড ওপেনে ভারতীয়র হাতে কাপ উঠতে দেখা গেল না। এদিন ৫৭ মিনিটের টানটান উত্তেজনার ফাইনালে ভারতের তারকা শাটলার হারলেন ১৫-২১, ২০-২২। দ্বিতীয় গেমে একটা সময় ১৮-১৬ এগিয়ে থেকে দারুণভাবে কামব্যাক করছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। ফাইনালে ওঠার পথে দুনিয়ার এক নম্বর খেলোয়াড়কে হারিয়েছিলেন আলমোরার ২৫ বছরের শাটলার। পুরুষদের পেশাদার ব্য়াডমিন্টন ব়্য়াঙ্কিংয়ে তাইপের লিন ১১ আর লক্ষ্য ১২ নম্বরে। ফাইনালে মানসিক চাপের লড়াইতে লক্ষ্যকে হারিয়েই কাপ জিতলেন লিন।
চার বছর আগেও অল ইংল্যান্ডে রানার্স হয়েছিলেন লক্ষ্য
এই জয়ের মাধ্যমে ২৬ বছর বয়সি লিন তাঁর কেরিয়ারের প্রথম অল ইংল্যান্ড খেতাব জিতে নেন। এর আগে ২০২২ সালেও এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য সেন। সেবার তিনি হারেন ডেনমার্কের অ্যাক্সেলসেনের কাছে। এবারের টুর্নামেন্টেও দারুণ লড়াই করে ফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় এই শাটলার। সেমিফাইনালে কানাডার ভিক্টর লাই-কে ২১-১৬, ১৮-২১, ২১-১৫ গেমে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। এই টুর্নামেন্টে একের পর এক শক্ত প্রতিপক্ষকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিলেন লক্ষ্য। প্রথম রাউন্ডে তিনি হারান বিশ্ব এক নম্বর শি ইউকি-কে। এরপর পরপর জয় পান নাং কা লং, ও বিশ্বের ছয় নম্বর লি শা ফেং এবং সেমিফাইনালে ভিক্টর লাইয়ের বিরুদ্ধে।
কীভাবে হার
ফাইনালের প্রথম গেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন লিন। সপ্তাহজুড়ে কঠিন ম্যাচ খেলার ক্লান্তি কিছুটা প্রভাব ফেলেছিল সেনের খেলায়। সেই সুযোগ কাজে লাগিয়ে লিন গেমটি জিতে নেন ২১-১৫ ব্যবধানে। দ্বিতীয় গেমে অবশ্য দারুণ লড়াই করেন সেন। একসময় ম্যাচ ২০-২০ সমতায় পৌঁছয়। কিন্তু শেষ মুহূর্তে পরপর পয়েন্ট জিতে ২২-২০ গেমে ম্যাচ জিতে নেন লিন। ম্যাচে লক্ষ্ম্য সেন বেশ কিছু দুর্দান্ত স্ম্যাশ ও রক্ষণাত্মক শট খেললেও গুরুত্বপূর্ণ সময়ে কিছু অনিচ্ছাকৃত ভুল এবং টুর্নামেন্টজুড়ে ক্লান্তির প্রভাব তাঁকে পিছিয়ে দেয়। ফলে শেষ পর্যন্ত খেতাব জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। এই জয়ের ফলে অল ইংল্যান্ড ওপেনে নতুন চ্যাম্পিয়ন হিসেবে উঠে এলেন লিন চুন-ই।


