Mohun Bagan vs Odisha FC: গোটা ম্যাচে ওপেন ফুটবল! হাড্ডাহাড্ডি লড়াইতে ওড়িশাকে ৩-২ গোলে হারাল মোহনবাগান
Mohun Bagan vs Odisha FC: চলতি আইএসএল-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায়, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ওড়িশা এফসি। ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে সবুজ মেরুন ব্রিগেড। খেলা শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিস করেন দ্রাজিচ। এরপরেও চাপ বজায় রাখে মোহনবাগান। তবে খেলার ৮ মিনিটে, বাজে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন সবুজ মেরুন ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ।
ম্যাচের ১১ মিনিটে, মনবীরের মাইনাস থেকে সামীর জেলকোভিচের শট একটুর জন্য বাইরে চলে যায়। অন্যদিকে, ১৭ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর শট সেভ করেন ওড়িশা এফসির গোলকিপার হৃত্বিক তিওয়ারি। ২১ মিনিটে, দ্রাজিচের থ্রু বল দুর্দান্ত রিসিভ করেন লিস্টন এবং তারপর পাস বাড়ান মনবীরের দিকে। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর আরও একটি সুযোগ নষ্ট করে মোহনবাগান। কার্যত, একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে সবুজ মেরুন শিবির। যদিও কিছু পাল্টা অ্যাটাক তুলে আনে ওড়িশাও। ম্যাচের ৩৭ মিনিটে, আরউইনের শট বাইরে চলে যায়। এরপর আবার খেলার ৪০ মিনিটে, জোরালো গতিতে আক্রমণ তুলে আনেন ডেজান দ্রাজিচ।
কিন্তু গোল আসেনি। এমনকি, খেলার ৪২ মিনিটে, গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মনবীর সিং। পাশাপাশি লিস্টনের শট বারপোস্টে লাগে। আর কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় মোহনবাগান। অনিরুদ্ধ থাপার পাস থেকে বুদ্ধিদীপ্ত গোল করে যান দ্রাজিচ। কিন্তু খেলা থেকে হারিয়ে যায়নি। খেলার ৫২ মিনিটে, নিহালের পাস থেকে গোল করেন মাহমুদ। ম্যাচের ফলাফল তখন ১-১। অপরদিকে, হৃতিক তিওয়ারি একটি ভালো সেভ না করলে মোহনবাগান এগিয়ে যেতে পারত। এদিকে লি আরউইনের ফ্রি-কিক একটুর জন্য আবার বাইরে চলে যায়। তারপর একটি পরির্বতন হয় মোহনবাগানের প্রথম একাদশে।
লিস্টনের বদলে আসেন ছাংতে। আর নেমেই কাজের কাজটি করলেন। ডানপ্রান্ত দিয়ে তাঁর মাইনাস থেকেই গোল করলেন সেই দ্রাজিচ। লিড নিল বাগান শিবির। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই গোলও শোধ করে দেন ওড়িশার বিদেশি ফরোয়ার্ড এভার্টন। তবে গোটা ম্যাচে ওপেন ফুটবল খেলা হয়েছে। আর সেই সুবাদেই আবার গোল। শুভাশিসের পাস থেকে অসাধারণ গোল করে যান লি আরউইন। ম্যাচে তখন মোহনবাগান আবার লিড নিয়েছে।



