Asian Games 2026: এশিয়ান গেমস ২০২৬-এর প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভারতীয় পুরুষ হকি দল। তবে এই বড় জয়ের পরেও দলের কিছু খামতি নিয়ে সতর্ক কোচ ক্রেগ ফুলটন। পরের ম্যাচের আগে গোল হজম করা এবং সুযোগ নষ্টের মতো বিষয়গুলো শুধরে নিতে চাইছেন তিনি।
Asian Games 2026: দলের পারফরম্যান্স নিয়ে কী বললেন কোচ ফুলটন? এশিয়ান গেমস ২০২৬-এর প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ভারতীয় পুরুষ হকি দল। তবে এই বিশাল জয়ের পরেও পুরোপুরি স্বস্তিতে নেই হেড কোচ ক্রেগ ফুলটন (Asian Games 2026)। পরের ম্যাচের আগে দলের বেশ কিছু খামতি শুধরে নিতে চাইছেন তিনি। রবিবার এক্স (X) হ্যান্ডেলে হকি ইন্ডিয়ার শেয়ার করা একটি ভিডিওতে ফুলটনকে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলেন, "চারটি কোয়ার্টার জুড়েই ছেলেরা ভালো খেলেছে। শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করেছে। হ্যাঁ, প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। ম্যাচটা মোটেও সহজ ছিল না। বলের দখল বেশিরভাগ সময় আমাদের কাছেই ছিল। তবে ইন্দোনেশিয়াকেও কৃতিত্ব দিতে হবে, ওরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে।"
১৩-১ গোলে ভারতের পুরুষ হকি দলের জয়
হেড কোচ জানান, ম্যাচের ফলাফলে দল খুশি হলেও এখনও কিছু জায়গায় উন্নতির দরকার আছে। তিনি আরও বলেন, “১৩-১ গোলের জয়টা অবশ্যই দারুণ ব্যাপার। ম্যাচে আমরা বেশ কিছু ভালো মুভ তৈরি করেছি। তবে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের আরও উন্নতি করতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আমরা সেই দিকগুলোতেই নজর দেব।” টুর্নামেন্টে ভারতের এই দুর্দান্ত শুরুর প্রশংসা করার পাশাপাশি ফুলটন স্বীকার করে নেন যে, গোল হজম করা এবং বেশ কিছু সুযোগ নষ্ট করার মতো বিষয়গুলো নিয়ে দলকে ভাবতে হবে। তাঁর কথায়, "শুরুটা ভালো হয়েছে, তবে কিছু জায়গায় উন্নতি দরকার। একটা গোল হজম করেছি আমরা, বেশ কয়েকটা সুযোগও হাতছাড়া হয়েছে। তবে সব মিলিয়ে জয়টা ভালো, আর আমি এতে খুশি।"
প্রথম ম্যাচেই ১৩-১ গোলের বিশাল জয়
কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল এ-র প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস ২০২৬-এর অভিযান শুরু করেছে ভারতীয় পুরুষ হকি দল। ভারতের হয়ে মোট আটজন খেলোয়াড় গোল করেছেন। তার মধ্যে একাই চার গোল করে শীর্ষে রয়েছেন দিলপ্রীত সিং। এছাড়াও এই বড় জয়ে অবদান রেখেছেন শিলানন্দ লাকড়া, অভিষেক, রাজিন্দর সিং, মনদীপ সিং, হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং এবং যুগরাজ সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


