Asian Games 2026: ২০২৬ এশিয়ান গেমসের রাউন্ড অফ ১৬-এ দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ ব্যবধানে হেরে বিদায় নিল ভারতের পুরুষ টেবিল টেনিস দল। সিঙ্গলস ম্যাচে হারমিত দেশাই, মানুষ শাহ এবং মানব ঠক্কর—তিনজনেই হেরে যান।

Asian Games 2026: এশিয়ান গেমস থেকে ভারতের পুরুষ টিটি দলের বিদায়। ভারতের পুরুষ টেবিল টেনিস দলের এশিয়ান গেমস ২০২৬-এর সফর শেষ হল। মঙ্গলবার, রাউন্ড অফ ১৬-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ০-৩ ব্যবধানে পরাজিত হল তারা। হারমিত দেশাই এবং মানুষ শাহ নিজেদের সিঙ্গলস ম্যাচে হেরে যাওয়ায় ভারত শুরুতেই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে। হারমিত চার গেমের লড়াইয়ে জ্যাং উউইজিনের কাছে ১১-৮, ৮-১১, ৭-১১, ৯-১১ স্কোরে হারেন। মানুষ এরপর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা ওহ জুনসুংয়ের বিরুদ্ধে দারুণ লড়াই করেন। কিন্তু শেষপর্যন্তম ২-৩ ব্যবধানে হার মানতে হয় তাঁকে। মানুষ শাহ প্রথম গেমগুলি ৪-১১, ১১-৮, ১৩-১১ স্কোরে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। এমনকি, নির্ণায়ক গেমেও তিনি ৪-১ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু ওহ জুনসুং দারুণভাবে ফিরে এসে ১১-১৩, ৬-১১ স্কোরে ম্যাচ পকেটে পোরেন।

এশিয়ান গেমসের মঞ্চে আশাহত করল ভারতের পুরুষ টেবিল টেনিস দল

ভারতের আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় সিঙ্গলসে মানব ঠক্করের জেতাটা খুব জরুরি ছিল। তাঁর প্রতিপক্ষ ছিলেন আন জেহিউন। মানব প্রথম দুটি গেম ১০-১২, ৬-১১ স্কোরে হারার পর, তৃতীয় গেমটি ১১-৭ স্কোরে জিতে ভারতের আশা বাঁচিয়ে রাখেন। কিন্তু আন জেহিউন চতুর্থ গেমে ১২-১০ স্কোরে জিতে ম্যাচ বের করে নেন। ১০-১২, ৬-১১, ১১-৭, ১০-১২ স্কোরের এই হারের ফলে দক্ষিণ কোরিয়া ৩-০ ব্যবধানে জয় পায় এবং ভারতের পুরুষ দলের বিদায় ঘণ্টা বেজে যায়।

ভারতের জন্য মঙ্গলবার এশিয়ান গেমসের দিনটা বেশ ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটল। মহিলাদের টেবিল টেনিস দল থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে, মহিলাদের ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে। অনন্তজিৎ সিং নারুকা শুটিংয়ে পুরুষদের স্কিট ব্যক্তিগত যোগ্যতাপর্বের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন। মাইরাজ খান ২৩তম এবং ভবতেঘ সিং গিল ৩৫তম স্থানে শেষ করেছেন। এছাড়া ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে এলাভেনিল ভালারিভান এবং পার্থ মানে চতুর্থ স্থান অধিকার করেছেন। সাক্ষী চৌধুরী মহিলাদের ৫১ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-এ ফিলিপিন্সের আইরা ভিলেগাসকে হারিয়ে বক্সিংয়ে এগিয়ে গেছেন। তানিষ্কা খত্রী ফেন্সিংয়ে মহিলাদের ব্যক্তিগত এপি রাউন্ড অফ ৩২-এ নটপাপট সাংনগিওকে হারিয়েছেন। তবে পুরুষদের ব্যক্তিগত ফয়েল রাউন্ড অফ ৩২-এ হেরে বিদায় নিয়েছেন হেমাশ সিং সানাসাম এবং শচীন।

অন্যান্য ইভেন্টের কী অবস্থা?

পাশাপাশি আরিয়ান ঠাকুর এবং জয় মীনা সফট টেনিসে জয় পেলেও আধ্যা তিওয়ারি হেরে গেছেন। ভারতের পুরুষ কবাডি দল দক্ষিণ কোরিয়াকে ৬৩-৩১ ব্যবধানে হারিয়েছে। তবে সেপাকটাকরো দল মালয়েশিয়ার কাছে ০-৩ ব্যবধানে হেরে গেছে। আরিয়ান নেহরা সাঁতারে পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল বি-তে চতুর্থ হয়েছেন। এছাড়া ভারতের ৪x১০০ মিটার মেডলে রিলে দল ফাইনালে উঠেছে। লাংলেনতোম্বি দেবী হাঞ্জাবাম উশুতে মহিলাদের নানকুয়ান ফাইনালে নবম স্থানে শেষ করেছেন। অন্যদিকে, কারাটেতে চেতন ভাট এবং আলিশা চৌধুরী হেরে গেছেন। আশিস লিমায়ে ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজে ১৩তম, আরজান নাগরা ২৩তম এবং ফওয়াদ মির্জা ২৬তম স্থানে রয়েছেন। ই-ফুটবলে ভারতের শাকিল দানিয়াল প্যাটেল এবং চিন্ময় সাহু জুটি গ্রুপ এফ-এ উজবেকিস্তানের সঙ্গে ০-০ ড্র করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।