Asian Games 2026: জাপানের আইচি-নাগোয়ায় বসতে চলা ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করবেন জোড়া অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের এবং এশিয়ান গেমসে সোনাজয়ী শট পুটার তজিন্দরপাল সিং তুর।
Asian Games 2026:এশিয়ান গেমস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের ব্যাটন দুই তারকা অ্যাথলিটের হাতে। জাপানের আইচি-নাগোয়ায় বসতে চলা ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতের জাতীয় পতাকা বহন করবেন জোড়া অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের এবং এশিয়ান গেমসে সোনাজয়ী শট পুটার তজিন্দরপাল সিং তুর। আজ, শুক্রবার ভারতীয় অলিম্পিক সংক্রান্ত দল ও শেফ-দে-মিশন সহদেব যাদব প্রথমে মনু ভাকেরের পতাকাবাহক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া (AFI) তজিন্দরপাল সিং তুরের নাম দ্বিতীয় পতাকাবাহক হিসেবে ঘোষণা করে।
উদ্বোধনী অনুষ্ঠান কবে, কোযায় আয়োজিত হবে
১৯ সেপ্টেম্বর, শনিবার আইচি-নাগোয়ার প্যালোমা মিজুহো স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে মহাদেশীয় এই ক্রীড়াযজ্ঞের মূল উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে ৪:৩০ মিনিটের মধ্যে বিশ্বের দরবারে প্যারেড অব নেশনসে ভারতীয় তেরঙ্গা হাতে অ্যাথলিটদের নেতৃত্ব দেবেন এই দুই তারকা।
মনু ও তাজিন্দারের হাতে দেশের পতাকা
প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ে জোড়াপদকজয়ী পিস্তল শুটার মনু ভাকের এবং দু'বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন শট পুটার তজিন্দরপাল সিং তুর — দু’জনেই এ বার এশিয়াডে ভারতের অন্যতম প্রধান পদকদাবিদার। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে এক একক অলিম্পিকে দুটি পদক জিতে আগেই নজির গড়েছিলেন হরিয়ানার মেয়ে মনু। প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তল একক ও মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতার পাশাপাশি হাংঝৌ এশিয়ান গেমসেও ২৫ মিটার পিস্তল নারী দলে সোনা পেয়েছিলেন তিনি। অন্যদিকে, ৩১ বছর বয়সী তজিন্দর ২০১৮ জাকার্তা ও ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসে সোনা জিতে নিজের আধিপত্য বজায় রেখেছেন। হাংঝৌতে ২০.৩৬ মিটার থ্রো করে খেতাব ধরে রাখা এই অ্যাথলিটের সামনে এবার এশিয়ান গেমসে সোনার হ্যাটট্রিক করার বড় সুযোগ।
চোটের কারণে এবারের এশিয়াডে খেলছেন না নীরজ চোপড়া
মূলত ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা নীরজ চোপড়া গোড়ালির চোটের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পরেই পতাকাবাহক হিসেবে এই জুটিকে বেছে নেওয়া হয়। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলতে থাকা এই মেগা টুর্নামেন্টে ৩৭টি ক্রীড়া বিভাগে ভারতের ৫০০-র বেশি অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করবেন। হাংঝৌ ২০২৩-এ ভারত ২৮টি সোনা-সহ রেকর্ড ১০৭টি পদক জিতেছিল। এ বার জাপানের মাটিতে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়াই মূল লক্ষ্য ভারতের। জাতীয় পতাকা বহনের এই সর্বোচ্চ সম্মান মাথায় নিয়ে মনু ও তজিন্দরের হাত ধরেই শুরু হচ্ছে ভারতের সেই স্বপ্নপূরণের অভিযান।


