SA vs AUS 2nd Test: অনেক চেষ্টা করেও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইনিংসে হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া। মঙ্গলবার গকেবেরহায় অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১।

SA vs AUS 2nd Test: অনেক চেষ্টা করেও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইনিংসে হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া। মঙ্গলবার গকেবেরহায় অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট আগামী মঙ্গলবার থেকে কেপটাউনে শুরু হবে। ট্রাভিস হেডের অনবদ্য ১২১ রানের ইনিংস, ৬ নম্বরে নেমে স্কট বোলান্ডের ১৬৬ বল খেলে প্রতিরোধের পরেও ইনিংস হার এড়াতে পারল না অজিরা।

হেডের অনবদ্য সেঞ্চুরি, রাবাদার ৪ উইকেট

ফলো-অন হজম করে ইনিংসে হারল ক্যাঙারু বাহিনী। দ্বিতীয় ইনিংসে ৭৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন কাগিসো রাবাদা। কঠিন সময়ে দারুণ স্পেল করলেন উইয়ান মুলদার (৩/৬৪)। দুটি উইকেট নেন প্রোটিয়া স্পিনার সিমোন হার্মার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আরও একবার প্রমাণ করল কেন তারা বিশ্বসেরা। অজি ওপেনার হেড ১৯০ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন। মুলদারের অবিশ্বাস্য ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেড। বোলান্ডকেও বোল্ড করেন মুলদার। সেখানেই শেষ হয়ে যায় অজিদের সব প্রতিরোধ। শেষের দিকে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন আলেক্স কারি।

প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অল আউট হয় অজিরা

প্রথম ইনিংসে ৪২ ওভারের মধ্যে মাত্র ৯৯ রানে অল আউট হওয়া অজিরা, দ্বিতীয় ইনিংসে ১০৭ ওভার ব্যাটিং করে। প্রথম ইনিংসে ৪২৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ফলো-অন হজম করে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইনিংসে হারের লজ্জার মুখে পড়ল প্যাট কামিন্সের দল।

বাভুমার চিরস্মরণীয় ১৭৯ রানের ইনিংস জয়-পরাজয়ে ফারাক গড়ল

প্রবল বৃষ্টির কারণে এই টেস্টের প্রথম দুটি দিন মাত্র ৪৩ ওভার খেলা সম্ভব হয়। তখন মনে করা হয়েছিল ম্যাচের ফয়সালা হওয়া কঠিন হবে। এরপর দক্ষিণ আফ্রিকা মাত্র ১১০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে প্রচণ্ড চাপের মুখে দাঁড়িয়ে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ১৭৯ রানের চির স্মরণীয় ইনিংস খেলে। পাশাপাশি আট ও নয় নম্বরে নেমে দুই প্রোটিয়া টেলেন্ডার মার্কো জানসেন (৮৫) ও সিমোন হেটমায়ার (৮২)- ১৮৩ রানের পার্টনারশিপ করেন। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বাভুমা।