Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারত। শনিবারও অ্যাথলেটিক্সে ভারতের জন্য ভালো দিন গেল। এদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে একাধিক পদক এল।

DID YOU
KNOW
?
৩০ পদক ভারতের
চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৪ সোনা-সহ ৩০ পদক জিতে পদক তালিকায় ১০ নম্বরে ভারত।

Asian Games 2026 Medal Update: এশিয়ান গেমসে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেন ভারতের অ্যাথলিট প্রাচী চৌধুরী (Prachi Choudhary)। শনিবার মহিলাদের ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ব্রোঞ্জ জিতলেন প্রাচী। ৫৩.২১ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন ২৯ বছর বয়সি এই ভারতীয় অ্যাথলিট। এই ইভেন্টে সোনা জিতেছেন বাহরাইনের অ্যাথলিট সালওয়া ঈদ নাসের। শুরু থেকেই দৌড়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে ৪৯.২০ সেকেন্ডে ফিনিশ করেন তিনি। একই সঙ্গে নতুন এশিয়ান গেমস রেকর্ডও গড়েন নাসের। রুপো জিতেছেন ইরানের জাহরা জারেই মানুজান। তাঁর সময় ৫২.৩৮ সেকেন্ড। দক্ষিণ কোরিয়ার কিম সিওইউনকে পিছনে ফেলে ব্রোঞ্জ নিশ্চিত করেন প্রাচী। কিম ৫৩.৩৮ সেকেন্ডে চতুর্থ হন।

সেরা পারফরম্যান্স দেখাতে পারলেন না প্রাচী

শনিবার এশিয়ান গেমসে পদক পেলেও, চলতি মরসুমে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারলেন না প্রাচী। গত মাসে ভুবনেশ্বরে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর সিলভার মিটে ৫২.৫৭ সেকেন্ড সময় করেছিলেন তিনি। ২০২৩ সালে করা ৫২.৪০ সেকেন্ডই তাঁর ব্যক্তিগত সেরা। এদিন এশিয়ান গেমসে দ্বিতীয় পদক জিতলেন প্রাচী। ২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দৌড়ে রুপো জিতেছিলেন তিনি। এবার ব্যক্তিগত ইভেন্টেও পদক জিতে নিজের পদকসংখ্যা বাড়ালেন এই ভারতীয় অ্যাথলিট। এই ইভেন্টে অপর এক ভারতীয় অ্যাথলিট কিরণ পাহাল (Kiran Pahal) ৫৩.৪১ সেকেন্ড সময় করে পঞ্চম স্থানে শেষ করেন। তিনি প্রাচীর থেকে খুব বেশি পিছিয়ে না থাকলেও, পদক জিততে পারলেন না।

মহিলাদের ৪০০ মিটার দৌড়ের ফাইনালের ফল

সালওয়া ঈদ নাসের (বাহরাইন) — ৪৯.২০ সেকেন্ড (গেমস রেকর্ড)

জাহরা জারেই মানুজান (ইরান) — ৫২.৩৮ সেকেন্ড

প্রাচী চৌধুরী (ভারত) — ৫৩.২১ সেকেন্ড

কিম সিওইউন (দক্ষিণ কোরিয়া) — ৫৩.৩৮ সেকেন্ড (ব্যক্তিগত সেরা)

কিরণ পাহাল (ভারত) — ৫৩.৪১ সেকেন্ড

মারিয়া শুয়ালোভা (কাজাখস্তান) — ৫৩.৫৯ সেকেন্ড

নানাকো মাতসুমোতো (জাপান) — ৫৪.২৯ সেকেন্ড

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।