Asian Games 2026: প্রথম ভারতীয় হিসেবে পরপর তিনবার এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে জাপানে (Japan) গিয়েছিলেন তাজিন্দরপাল সিং তুর (Tajinderpal Singh Toor)। কিন্তু টানা দ্বিতীয়বার শট পাটে সোনা জিতলেও, এবার সেই সোনা ধরে রাখতে পারলেন না তাজিন্দরপাল। তাঁকে এবার রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল।

DID YOU
KNOW
?
৩০ পদক ভারতের
চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৪ সোনা-সহ ৩০ পদক জিতেছে ভারত। আরও পদক আসবে বলে আশায় সারা দেশ।

Asian Games 2026 India: এশিয়ান গেমসে টানা তিনবার শট পাটে সোনা জিতে ইতিহাস গড়ার স্বপ্নপূরণ করতে পারলেন না তাজিন্দরপাল সিং তুর (Tajinderpal Singh Toor)। নাগোয়ায় (Nagoya) পুরুষদের শট পাটে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের তারকা অ্যাথলিটকে। শনিবার তাঁর সেরা থ্রো ছিল ২০.৬৪ মিটারের। ইরানের (Iran) মহম্মদরেজা তাইয়েবিসে (Mohammadreza Tayebise) ২০.৮১ মিটার থ্রো করে নতুন গেমস রেকর্ড গড়ে সোনা জিতে নিলেন। ২০১৮ সালে জাকার্তা এবং ২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে শট পাটে সোনা জিতেছিলেন তাজিন্দরপাল। এবারও তাঁর দিকে তাকিয়ে ছিল ভারত। কিন্তু সোনার লড়াইয়ে শেষ পর্যন্ত ইরানের প্রতিযোগীর কাছে হার মানতে হল তাঁকে।

ইতিহাস গড়তে পারলেন না তাজিন্দরপাল

প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে পরপর তিনবার সোনা জিতে ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাজিন্দরপাল। তিনি ফাইনালের শুরুতে কয়েকটি থ্রো ঠিকমতো করতে পারেননি। পঞ্চম প্রচেষ্টায় নিজের সেরা থ্রো করে দ্বিতীয় স্থানে উঠে আসেন এই ভারতীয় অ্যাথলিট। একইসঙ্গে তৃতীয় স্থানে থাকা প্রতিযোগীর সঙ্গে ব্যবধানও তৈরি করে ফেলেন তিনি। কিন্তু তাইয়েবিসের ২০.৮১ মিটারের থ্রো আগেই সবার নাগালের বাইরে চলে গিয়েছিল। ভারতের অপর এক অ্যাথলিট করণবীর (Karanveer) ১৮.৪০ মিটার থ্রো করে দশম স্থানে শেষ করেন।

নতুন নজির তাজিন্দরপালের

এবারের এশিয়ান গেমসে সোনা জিততে না পারলেও, তাজিন্দরপালের রুপো তাঁর বর্ণময় কেরিয়ারে আরও একটি বড় পদক যোগ করল। পঞ্জাবের মোগা জেলার খোসা পাণ্ডোর ৩১ বছরের এই অ্যাথলিট এশিয়ান গেমসে পরপর দু’বার সোনা জয়ের পাশাপাশি দু’বার এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। ২০১৯ দোহা এবং ২০২৩ ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। তাজিন্দরপালের দখলে রয়েছে জাতীয় রেকর্ডও। ২০২৩ সালে ভুবনেশ্বরে ২১.৭৭ মিটার থ্রো করে এই রেকর্ড গড়েছিলেন তিনি। একটা সময় সেটিই ছিল এশিয়ান রেকর্ড। পরে ২০২৪ সালে সৌদি আরবের মহম্মদ তোলোর থ্রোয়ে সেই রেকর্ড ভেঙে যায়। চলতি বছরও ভালো ফর্মে তাজিন্দরপাল। তিয়ানজিনে আয়োজিত ২০২৬ এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন তিনি। ফলে নাগোয়ায় তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল যথেষ্ট। শেষপর্যন্ত অবশ্য রুপো নিয়ে ফিরতে হল ভারতীয় তারকাকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।