Differences of Sex Development: সারা বিশ্বে অনেক মহিলা অ্যাথলিটের শরীরেই পুরুষের লক্ষণ দেখা গিয়েছে। অনেক অ্যাথলিট এই কারণে নির্বাসিতও হয়েছেন। এবার বাংলাদেশের দুই মহিলা অ্যাথলিটকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হল। এই ঘটনায় বাংলাদেশের ক্রীড়া মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Bangladesh Athletics Federation: মেডিক্যাল পরীক্ষায় ৪৬, XY ডিফারেন্সেস অফ সেক্স ডেভেলপমেন্ট (Differences of Sex Development) শনাক্ত হওয়ার পর বাংলাদেশের দুই অ্যাথলিট জন্নত বেগম (Jannat Begum) ও কবিতা রায়কে (Kabita Roy) মহিলাদের বিভাগের প্রতিযোগিতা থেকে আজীবন নির্বাসিত করার কথা ঘোষণা করল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। একই সঙ্গে তাঁদের জেতা পদক ও গড়া জাতীয় রেকর্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের দ্বিতীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২৯ সদস্যের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন। এর আগে গত ১০ আগস্ট দুই অ্যাথলেটকে নিষিদ্ধ করা এবং তাঁদের পদক কেড়ে নেওয়ার সম্ভাবনার খবর প্রকাশিত হয়েছিল।

জন্নত ও কবিতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী জন্নত ও কবিতার লিঙ্গ নিয়ে অভিযোগ জানানোর পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এরপর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে। ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর বোর্ড গঠিত হলেও মেডিক্যাল পরীক্ষা শেষ হয় চলতি বছরের ১১ মে এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন জানিয়েছে, পরীক্ষায় দুই অ্যাথলিটেরই ৪৬,XY DSD, পেনোস্ক্রোটাল হাইপোস্প্যাডিয়াস এবং ইনগুইনাল ক্যানালে গোনাড থাকার কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের টেস্টোস্টেরনের মাত্রাও ফেডারেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার মহিলাদের বিভাগে ডিএসডি সংক্রান্ত সীমার উপরে ছিল। জন্নতের মাত্রা ছিল ১৯.৬৬ nmol/L এবং কবিতার ১৬.৫০ nmol/L, যেখানে নির্ধারিত সীমা ২.৫ nmol/L।

লাভবান হচ্ছেন অন্য অ্যাথলিটরা

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সিদ্ধান্তে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ২৮ বছর বয়সি জান্নাতের। তাঁর আটটি সোনা, একটি রুপো ও দু'টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। একইসঙ্গে জ্যাভলিন ও ডিসকাস থ্রোয়ে তাঁর গড়া দু'টি জাতীয় রেকর্ডও বাতিল করা হয়েছে। ১৯ বছর বয়সী কবিতার ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার ইভেন্ট থেকে পাওয়া একটি সোনা, একটি রুপো ও দু'টি ব্রোঞ্জ পদক বাতিল হয়েছে। ফেডারেশন জানিয়েছে, বাতিল হওয়া পদকগুলো সংশ্লিষ্ট ইভেন্টে পরবর্তী অবস্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে পুনর্বণ্টন করা হবে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক আলি ইমাম তপন বলেছেন, দুই অ্যাথলিট আর মহিলা অ্যাথলিট হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য হবেন না। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জুবায়ের রহমান রানা জানিয়েছেন, চাইলে দুই অ্যাথলিটই ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।