Manchester United vs Como: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় কিছুতেই কাটছে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League 2026-27) ইতালির (Italy) কোমোর কাছে বড় ব্যবধানে হেরে গেল ম্যান ইউ। এই হারের পরেই খারাপ খবর পেলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। এই ঘটনায় ইংল্যান্ডের ফুটবল মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
চাপে মাইকেল ক্যারিক
দীর্ঘদিন ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় চলছে। বর্তমান ম্যানেজার মাইকেল ক্যারিকও দলকে সাফল্য এনে দিতে পারছেন না।

Manchester United Captain Bruno Fernandes: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে চুরি হয়ে গেল। বুধবার সন্ধেবেলা ইংল্যান্ডের (England) চেশায়ারে (Cheshire) তাঁর বাড়িতে ঢুকে বেশ কিছু জিনিসপত্র চুরি করে পালায় দুষ্কৃতীরা। কাকতালীয়ভাবে যেদিন ব্রুনোর বাড়িতে চুরি হল, সেদিনই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League 2026-27) ইতালির (Italy) ক্লাব কোমোর বিরুদ্ধে ম্যাচে ১-৪ হেরে গিয়েছে ম্যান ইউ। দলের সঙ্গে ইতালিতে ছিলেন ব্রুনো। সেখানেই তিনি বাড়িতে চুরির খবর পান। ম্যান ইউয়ের হারের সঙ্গে এই চুরির কোনও সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ফাঁকা বাড়িতে চুরি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে একটি বাড়ির পিছনের বাগানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এক ব্যক্তি। তিনি পুলিশে খবর দেন। তবে ততক্ষণে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্রুনোর বাড়িতে চুরি হয়েছে। বেশ কিছু জিনিসপত্র খোয়া গিয়েছে। পুলিশ পৌঁছনোর আগে পাঁচ মিনিটেরও কম সময় বাড়ির ভিতরে ছিল দুষ্কৃতীরা। চেশায়ার পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক ডেভ জার্ভিস জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। অভিযুক্তদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না ব্রুনো ও তাঁর পরিবারের সদস্য। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে অধিনায়ক ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছে ক্লাব।

ম্যানেজারের উপর ক্ষুব্ধ ম্যান ইউ অধিনায়ক

কোমোর বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে থাকলেও, ৬৭ মিনিটে মাঠ ছাড়েন ব্রুনো। ম্যাচ শেষ হওয়ার পর প্রকাশ্যে ম্যানেজার মাইকেল ক্যারিকের (Michael Carrick) কৌশল নিয়ে প্রশ্ন তোলেন ব্রুনো। তিনি এক সাক্ষাৎকারে দাবি করেন, কোমোকে একের পর এক আক্রমণ গড়ে তোলার সুযোগ দেওয়া ঠিক হয়নি। প্রতিপক্ষকে বেশি বলের দখল রাখতে দেওয়ায় ওরা আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল। পাল্টা ক্যারিক বলেন, শুধু রণকৌশল দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। যে ব্যবস্থাতেই দল খেলুক না কেন, ফুটবলারদের পরিশ্রম করতে হবে, সামনে এগিয়ে চাপ তৈরি করতে হবে এবং প্রয়োজনে পিছনে ফিরে এসে রক্ষণ সামলাতে হবে। ম্যান ইউ ম্যানেজার আত্মপক্ষ সমর্থন করলেও, তাঁকে নিয়ে দলে অসন্তোষ বাড়ছে। একাধিক ফুটবলার প্রকাশ্যে মুখ খুলেছেন। দল টানা জয় না পাওয়ায় ক্যারিকের উপর চাপ বাড়ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।