2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হওয়ার কথা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) এই ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করেছে।
India vs Pakistan: ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে (1996 Cricket World Cup) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া (Australia), ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এলটিটিই (Liberation Tigers of Tamil Eelam) সমস্যার জন্য শ্রীলঙ্কায় নিরাপত্তার অভাবের কথা ভেবে দল পাঠায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। তিন দশক পর এবার সেই শ্রীলঙ্কার মাটিতেই টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তারা সত্যিই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে না খেলবে, তা নিয়ে এখন ক্রিকেট দুনিয়ায় জোরদার আলোচনা চলছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। আইসিসি-ও বিপুল ক্ষতির মুখে পড়বে। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে আইসিসি।
কী বলছে আইসিসি-র নিয়ম?
টি-২০ বিশ্বকাপে কোনও এক ম্যাচ না-ই খেলতে পারে পাকিস্তান। এ বিষয়ে আইসিসি-র নিয়মে কোনও বাধা নেই। তবে কোনও ম্যাচে বিপক্ষ দলকে ওয়াকওভার দিলে বা বয়কট করলে তার খেসারত দিতে হবে। এ বিষয়ে আইসিসি-র নির্দিষ্ট নিয়ম রয়েছে।
কী শাস্তি পেতে পারে পাকিস্তান?
১৫ ফেব্রুয়ারি ওয়াকওভার পেতে হলে ভারতীয় দলকে মাঠে থাকতে হবে। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) যদি টস করার জন্য মাঠে নামেন এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা (Salman Ali Agha) না থাকেন, তাহলে ভারতীয় দলকে জয়ী ঘোষণা করা হবে এবং দুই পয়েন্ট দেওয়া হবে। এছাড়া আইসিসি-র নিয়মের ১৬.১০.৭ ধারা অনুযায়ী ধরে নেওয়া হবে পাকিস্তান ২০ ওভার ব্যাটিং করে কোনও রানই করতে পারেনি। ফলে তাদের নেট রান রেটের ক্ষতি হবে। এছাড়া ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে পিসিবি-র প্রাপ্য অর্থ আটকে দিতে পারে আইসিসি। সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটে চরম সঙ্কট তৈরি হবে। তবে সবচেয়ে বড় শাস্তি হতে পারে নির্বাসন। স্বশাসিত সংস্থা পিসিবি-তে পাক সরকারের হস্তক্ষেপের জন্য নির্বাসনের সাজা দিতে পারে আইসিসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


