Bangladesh vs Pakistan: সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে একেবারেই সুবিধা করতে পারছে না পাকিস্তানের সিনিয়র পুরুষ ক্রিকেট দল। দেশের মাটিতে পর্যুদস্ত হওয়ার পর বাংলাদেশ সফরে গিয়েও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেল পাকিস্তান। এই সাফল্যে বাংলাদেশ দল যতটা উচ্ছ্বসিত, পাকিস্তান শিবির ততটাই লজ্জিত।
KNOW
Bangladesh vs Pakistan Test Series: বাংলাদেশ সফরে গিয়ে টেস্ট সিরিজে (Pakistan tour of Bangladesh, 2026) চূড়ান্ত ব্যর্থ পাকিস্তান। ঢাকায় (Dhaka) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১০৪ রানে হেরে যাওয়ার পর সিলেটে (Sylhet) দ্বিতীয় টেস্টে ৭৮ রানে হেরে গেল পাকিস্তান। সিলেট টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন দাস (Litton Das) এবং সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২৭৮ রান করে বাংলাদেশ। ১৬৬ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই অবস্থায় লিটনের ১২৬ রান দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়। এরপর প্রথম ইনিংসে পাকিস্তান ২৩২ রানে অলআউট হয়ে যায়। বাবর আজম (Babar Azam) ৬৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে বাংলাদেশ। ১৩৭ রান করেন মুশফিকুর। এই ইনিংসেও ভালো ব্যাটিং করেন লিটন। তিনি ৬৯ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৯৪ রান করেন। অধিনায়ক শান মাসুদ (Shan Masood) ৭১ রান করেন। সলমন আগাও (Salman Agha) ৭১ রান করেন। কিন্তু তারপরেও হার বাঁচাতে পারেনি পাকিস্তান।

পাকিস্তানের বিরুদ্ধে ফের সাফল্য বাংলাদেশের
বাংলাদেশের বিরুদ্ধে দু'বছরের মধ্যে দু'বার টেস্ট সিরিজে ০-২ হেরে গেল পাকিস্তান। এর আগে পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতেও জয় পেলেন লিটনরা।
লজ্জাজনক অবস্থানে পাকিস্তান
বাংলাদেশ সফরে এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship 2025-2027) আট নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। তারা চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হেরে গিয়েছে। জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। পাকিস্তানের পয়েন্ট মাত্র চার এবং পয়েন্ট পার্সেন্টেজ ৮.৩৩। অন্যদিকে, পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছেন লিটনরা। হার ও ড্র এক ম্যাচ করে। বাংলাদেশের পয়েন্ট ২৮ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৩৩।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


