IPL 2026: সদ্য শেষ হয়েছে আইপিএল ২০২৬। এই লিগ শেষ হওয়ার পরেই বোমা ফাটালেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী (Lalit Modi)। তাঁর বিস্ফোরক দাবিতে ভারতীয় ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আইপিএল-এর সঙ্গে বিনোদন জগতের সরাসরি সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার অপরাধ জগতের সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে।
KNOW
Lalit Modi-Dawood Ibrahim: ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও দলবলের হুমকির জেরেই তিনি ক্রিকেট প্রশাসন থেকে সরে গিয়েছেন বলে দাবি করলেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী। তিনি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিল ডি কোম্পানি। তাঁর আরও দাবি, আইপিএল (IPL) থেকে তোলাবাজির চেষ্টা করেছিল দাউদ। সে খুনের চেষ্টাও করেছিল। গভীর রাতে স্যাটেলাইট ফোনের মাধ্যমে ফোন করে হুমকিও দিয়েছিল দাউদ। ললিতের আরও দাবি, ২০১২ সালে তিনি যখন লন্ডনে (London) ছিলেন, তখন দাউদের সঙ্গে সরাসরি সংঘাত হয়েছিল। ভোর সাড়ে তিনটেয় তাঁকে ফোন করে লন্ডনের এক বুকি। সে 'বাবা' নামে এক ব্যক্তির পেন্টহাউসে গিয়ে দেখা করার জন্য চাপ দেয়।

প্যান্টে প্রস্রাব করে ফেলেছিলেন, দাবি ললিত
ললিত আরও বলেছেন, ‘আমি সেই পেন্টহাউসে যাই। তারপর ওই ব্যক্তি বারান্দায় গিয়ে স্যাটেলাইট ফোনে দাউদ ইব্রাহিমকে ফোন করে। দাউদ আমাকে বলে, তোমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপরেই ও ফোন রেখে দেয়। সে কথা শুনে আমি প্যান্টে প্রস্রাব করে ফেলি। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর ব্রিটিশ (British) নিরাপত্তা সংস্থা এমআইফাইভের (MI5) সাহায্য নিই।’
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন থেকেই সমস্যা শুরু
ললিত আরও জানিয়েছেন, ২০০৯ সালে ভারতে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2009) কারণে দক্ষিণ আফ্রিকায় (South Africa) আইপিএল আয়োজন করা হয়। সেই সময় থেকেই তাঁকে হুমকি দেওয়া শুরু করে অপরাধীরা। কারণ, সেবারের আইপিএল বাতিল হয়ে যাবে বিপুল অঙ্কের বাজি ধরা হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় পুরো লিগ সরে যাওয়ায় বুকিদের ক্ষতি হয়। এই কারণেই তারা ক্ষুব্ধ হয়। ললিত দাবি করেছেন, তিনি যতদিন আইপিএল-এর প্রধান ছিলেন, ততদিন তিনি স্পট-ফিক্সিং আটকে দিয়েছিলেন। সন্দেহভাজন ব্যক্তিদের স্টেডিয়ামে প্রবেশ আটকে দেওয়া হয়েছিল। বুকিদের বহু কোটি টাকা ঘুষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলেও দাবি ললিতের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


