Delhi Capitals vs Rajasthan Royals: রবিবার চলতি আইপিএল-এ (IPL 2026) দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। এই ম্যাচে নতুন রেকর্ড গড়লেন রাজস্থানের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু তাঁর রেকর্ডের পরেও হেরে গেল দল। এর ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন কঠিন হয়ে গেল।
KNOW
IPL 2026: লিগ টেবলে পিছিয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals vs Rajasthan Royals) কাছে হেরে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াই কঠিন করে ফেলল রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে রাজস্থান। এই পরিস্থিতিতে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ম্যাচগুলিতে জয় পাওয়ার পাশাপাশি অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে, ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরে দিল্লি। তাদের পক্ষে প্লে-অফের যোগ্যতা অর্জন প্রায় অসম্ভব। তবে অঙ্কের বিচারে এখনও লড়াইয়ে আছে দিল্লি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথম দল হিসেবে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। বাকি তিন জায়গা নিয়ে লড়াই চলছে।

বৈভবের রেকর্ডের পরেও হার রাজস্থানের
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান। ফের ঝোড়ো ইনিংস খেলেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তিনি ২১ বলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। আইপিএল-এর কোনও মরসুমে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন এই কিশোর। ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৪০ বলে ৫৩ রান করেন। অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ২৬ বলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। কিন্তু বড় রান করার পরেও হেরে গেল রাজস্থান।
দিল্লির নায়ক অভিষেক পোড়েল
বড় টার্গেট তাড়া করতে নেমে দিল্লির হয়ে অসাধারণ ব্যাটিং করেন দুই ওপেনার অভিষেক পোড়েল (Abishek Porel) ও কে এল রাহুল (KL Rahul)। অভিষেক ৩১ বলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। রাহুল ৪২ বলে ৫৬ রান করেন। তিনি একটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। অক্ষর ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ১৮ বলে জোড়া বাউন্ডারি, ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। ১৯.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় দিল্লি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


