IND vs ENG Semi Final: মঙ্গলবার, সন্ধ্যা ৭.০৫ মিনিট থেকে ভারতীয় দলের অনুশীলন শুরু হয়। তবে অনুশীলন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে ভারতীয় শিবিরের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

IND vs ENG Semi Final: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৫ মার্চ, মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড (india vs england t20 world cup)। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অনুশীলনে কোনওরকম কমতি রাখতে চাইছেন না হেড কোচ গৌতম গম্ভীর (T20 World Cup Semifinals 2026)। 

সেইজন্যই মঙ্গলবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু দুপুরে হঠাৎই জানা যায় যে, এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে অনুশীলনের সময়।

এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হল ভারতের অনুশীলন

সূচি অনুযায়ী, অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন সূর্যকুমার যাদবরা। কিন্তু দুপুরে টিম ইন্ডিয়ার কাছে বার্তা পৌঁছয় যে, অনুশীলন শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা ৭টা করা হবে। এমনকি, সংবাদমাধ্যমকেও অনুশীলন পিছিয়ে দেওয়ার খবর দেওয়া হয়। 

আসলে মঙ্গলবার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। সন্ধ্যা ৬.৫৩ মিনিটে শেষ হয় খণ্ডগ্রাস গ্রহণ। মনে করা হচ্ছে, সেমিফাইনালের আগে চন্দ্রগ্রহণের সময় অনুশীলন করতে চায়নি ভারতীয় শিবির। খণ্ডগ্রাস শেষ হওয়ার পর, সন্ধ্যা ৭টা থেকে অনুশীলন শুরুর পরিকল্পনা করা হয়। তবে পুরোটাই মনে হওয়ার উপর। আসল কারণ জানা যায়নি। 

অনুশীলন পিছিয়ে দেওয়ার কারণ কী?

তবে আরও একটা কারণও হতে পারে। চন্দ্রগ্রহণের পাশাপাশি মঙ্গলবার ছিল দোল পূর্ণিমা। মহারাষ্ট্রেও এদিন দোল পালিত হয়। ভারতীয় দলের ক্রিকেটাররা একসঙ্গে রংও খেলেন। সম্ভবত সেই কারণেই, ক্রিকেটারদের কিছুটা ছাড় দেওয়া হয়। 

মঙ্গলবার, সন্ধ্যা ৭.০৫ মিনিট থেকে ভারতীয় দলের অনুশীলন শুরু হয়। তবে অনুশীলন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে ভারতীয় শিবিরের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

তবে ইংল্যান্ড নির্ধারিত সময় মেনেই অনুশীলন করেছে। বিকেল ৫টা পর্যন্ত, ওয়াংখেড়েতে অনুশীলন করেছে তারা। অপরদিকে বুধবার, কলকাতায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজ়িল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।