India vs South Africa: ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে, ভারতের কাছে হারের স্মৃতি কি দক্ষিণ আফ্রিকা ভুলতে পেরেছে? সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমনটাই জানালেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক।
India vs South Africa: ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে, ভারতের কাছে সেই বেদনাদায়ক হারের স্মৃতি কি এখনও তাড়া করে ফেরে? আহমেদাবাদে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক (Quinton de Kock) জানালেন, ওই হারের কথা দল এখন পুরোপুরি ভুলে গেছে।
কী বললেন কুইন্টন ডি কক?
সাংবাদিক বৈঠকে কুইন্টন ডি কক বলেন, "আমরা ঐ মুহূর্তগুলো ভুলে যেতে চাই। সত্যি বলতে গেলে, ঐ ম্যাচের পর আমরা ব্যাপারটা নিয়ে আর কথাই বলিনি। আমাদের মধ্যে কেউই আর এটা নিয়ে আলোচনা করতে চায়নি। আমরা সবাই বাড়ি ফিরে গেছিলাম এবং ব্যক্তিগতভাবে সেই দুঃখটা কাটিয়েও উঠেছি। তারপর থেকে আমরা একবারও ওই ফাইনাল নিয়ে আলোচনা করিনি।"
বার্বাডোজে হওয়া সেই ফাইনাল ম্যাচে, দক্ষিণ আফ্রিকার প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষ ৩০ বলে তাদের জিততে মাত্র ৩০ রান দরকার ছিল। হেনরিখ ক্লাসেন যখন ঝোড়ো ব্যাটিং করছিলেন, তখন মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা সহজেই জিতে যাবে। কিন্তু হার্দিক পান্ডিয়ার একটি ব্রেক-থ্রু এবং ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং খেলার মোড় ঘুরিয়ে দেয়। সেইসঙ্গে, ভারত ম্যাচ জিতে নেয়। প্রোটিয়ারা এবার সেই পুরনো হারের স্মৃতি ভুলে মাঠে নামতে চাইছে।
যথেষ্ট আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা
২০২৫ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জয়ের পর, দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই তারা প্রমাণ করে দিয়েছে যে, 'চোকার্স' তকমাটা এখন আর তাদের সঙ্গে যায়না।
তবে এবার সুপার এইটের (T20 World Cup Super Eight) গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে, রীতিমতো হুঁশিয়ারি দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার তথা ওপেনার কুইন্টন ডি কক। বুঝিয়ে দিলেন, গোটা দল তৈরি আছে। সুপার এইটে ভালো ফল করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


