New Zealand vs India First ODI: বুধবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে নজর কেড়ে নিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি উইকেট নেওয়ার পর নেচে ওঠেন। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর নাচের কারণ জানালেন এই পেসার।

DID YOU
KNOW
?
৫ উইকেটে জয় ভারতের
অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেটে জয় পেল ভারতীয় দল।

Arshdeep Singh Wicket Celebrations: অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) প্রথম ওডিআই-তে বল হাতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি উইকেট নিয়ে অভিনব উদযাপনের জন্য নজর কেড়ে নিলেন ভারতীয় দলের বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। প্রথম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮৫ রানে গুটিয়ে দেওয়ার পিছনে এই পেসারের বড় ভূমিকা আছে। তবে উইকেট নেওয়ার পর মাঠের মধ্যেই তাঁর নাচের ভঙ্গিতে সেলিব্রেশন ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয় কৌতূহল। এবার সেই উদ্‌যাপনের রহস্য নিজেই ফাঁস করলেন ভারতীয় পেসার। তিনি সে কথা বলার পর নতুন আলোচনা শুরু হয়েছে।

কেন নেচে উঠলেন আর্শদীপ?

নিউজিল্যান্ডের ইনিংসের ৩২-তম ওভারের প্রথম বলে কাইল জেমিসনকে (Kyle Jamieson) আউট করার পরই মাঠের মধ্যে হালকা মেজাজে নাচতে শুরু করেন আর্শদীপ। তাঁর সেই অভিনব সেলিব্রেশন দেখে অনেকেই জানতে চেয়েছিলেন, এর পিছনে বিশেষ কোনও কারণ রয়েছে কি না। ইনিংসের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দেন তিনি। আর্শদীপ জানান, বান্ধবীকে উৎসর্গ করেই তাঁর এই নাচ। দু'জনে মন খারাপের সময় একে অপরের মন ভালো করতে এই বিশেষ নাচের ভঙ্গি ব্যবহার করেন। এই পেসারের কথা অনুযায়ী, 'এই সেলিব্রেশন আমার বান্ধবীর জন্য। আমরা দু'জনে এই নাচের স্টেপ করি। যখনই আমাদের মন খারাপ থাকে, এই নাচের মাধ্যমে একে অপরের মন ভালো করার চেষ্টা করি।' আর্শদীপের বান্ধবী হিসেবে মডেল ও অভিনেত্রী সামরিন কউরের (Samreen Kaur) নাম উঠে এসেছে। চলতি বছরের জুলাইয়ে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। পোস্টের ক্যাপশনে ছিল ‘My Person’। এর আগে তাঁদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল।

Scroll to load tweet…

অকল্যান্ডে ৪ উইকেট আর্শদীপের

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। ভারতীয় বোলারদের দাপটে ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। টিম সেইফার্ট (৩৮), ব্লেয়ার টিকনার (৩৮), ড্যারিল মিচেল (২৮) এবং গ্লেন ফিলিপস (৩০) কিছুটা লড়াই করলেও বাকিরা বড় রান করতে ব্যর্থ হন। ভারতের হয়ে আর্শদীপ ১০ ওভারে ৭০ রান দিয়ে চার উইকেট নেন। গুরনুর ব্রার ৪৪ রানে তিনটি এবং অংশুল কম্বোজ ২২ রানে দুটি উইকেট তুলে নেন। নিউজিল্যান্ডের মাটিতে চার উইকেট নিয়ে ভারতীয় পেসারদের একটি বিশেষ তালিকাতেও জায়গা করে নিয়েছেন আর্শদীপ। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে জাভাগল শ্রীনাথ ও মহম্মদ শামির। প্রথম ওডিআই-তে উইল ইয়ংকে ফিরিয়ে শুরু করেন আর্শদীপ। এরপর হেনরি নিকোলস ও কাইল জেমিসন-সহ আরও ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। ৪/৭০ বোলিং পরিসংখ্যান নিয়ে ম্যাচ শেষ করেন এই পেসার। নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় পেসারদের ওয়ানডে বোলিংয়ের সেরা পারফরম্যান্সের তালিকায় এটি চতুর্থ স্থানে রয়েছে। আর্শদীপের আগে রয়েছেন শ্রীনাথ, যিনি ২০০৩ সালে অকল্যান্ডে ২৩ রানে চারটি এবং ১৯৯৫ সালে নেপিয়ারে ৫২ রানে চারটি উইকেট নিয়েছিলেন। ২০১৪ সালে নেপিয়ারে শামির বোলিং পরিসংখ্যান ছিল ৫৫ রানে চার উইকেট। এখনও পর্যন্ত ১৯টি ওডিআই ম্যাচে আর্শদীপের সংগ্রহ ৩৪টি উইকেট। তাঁর গড় ২৪.২৬ এবং ইকোনমি রেট ৫.৫৯। ওয়ানডে ক্রিকেটে দু'বার চার উইকেট এবং একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।