India vs Sri Lanka Asian Games 2026: এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমেই কার্যত, ২২ গজে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। শেফালি খেলেন ২৯ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। যে ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৬৫.৫২।
India vs Sri Lanka Asian Games 2026: এশিয়ান গেমসে মঞ্চে দেশকে সোনার পদক এনে দিলেন "সোনার মেয়েরা"। ক্রিকেটের ফাইনালে মঙ্গলবার, নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে মুখোমুখি হয় ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka Asian Games 2026)। সেই ম্যাচেই ১৪৭ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া এবং সেইসঙ্গেই সোনার পদক জয়। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমেই কার্যত, ২২ গজে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। শেফালি খেলেন ২৯ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। যে ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৬৫.৫২। অপরদিকে, স্মৃতি মান্ধানা উপহার দেন ৪৫ বলে ৭৯ রানের রাজকীয় ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৭টি ছয়। স্ট্রাইক রেট ১৭৫.৫৬ (Asian Games 2026 India)।
"সোনার মেয়েরা" শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
এরপর দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর যোগ করেন ১৯ রান। উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ২২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। রিচার ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ২২২.৭৩। এছাড়া ভারতী ফুলমালি করেন ৭ রান। নির্ধারিত ২০ ওভারে, ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন সুগান্দিকা কুমারী, কভীশা দিলহারি এবং চামুদি প্রবোদা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে লঙ্কাবাহিনী। অধিনায়ক চামারি আটাপাট্টু ২৯ রানে আউট হন। কিন্তু আরেক ওপেনার ইমেশা দুলানি প্যাভিলিয়নে ফেরত যান মাত্র ৩ রানে। হাসিনি পেরেরা তো কোনও রানই করতে পারেননি। কবীশা দিলহারি ১১ রান যোগ করেন স্কোরবোর্ডে। হর্ষিতা সামারাবিক্রমাও খালি হাতে ফেরেন। হানসিমা করুণারত্নে মাত্র ১ রান যোগ করেন স্কোরবোর্ডে।
শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার কৌশানি নুথ্যাঙ্গানাও খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৯ রান করেন তিনি। কাওয়া কাভিন্দির ঝুলিতে মাত্র ২ রান এবং সুগান্দিকা কুমারী ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। আক্ষরিক অর্থেই, ভারতের প্রমীলা বাহিনীর বোলিং দাপটের সামনে মুখ থুবড়ে পড়ে লঙ্কাবাহিনীর ব্যাটিং লাইন-আপ। টিম ইন্ডিয়ার হয়ে আগুনে বোলিং করেন দীপ্তি শর্মা। তিনি একাই নেন তিনটি উইকেট। পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন শেফালি ভার্মা, শ্রেয়াঙ্কা পাটিল এবং শ্রী চরণী। শ্রীলঙ্কার ইনিংস ১৫.৪ ওভারের মাথায় মাত্র ৬৯ রানেই শেষ হয়ে যায়।
ভারত জিতল ১৪৭ রানে। তার থেকেও বড় ব্যাপার হল, এশিয়ান গেমসের মঞ্চে প্রথমবারের জন্য ঐতিহাসিক সোনার পদক জিতল ভারতের মহিলা ক্রিকেট দল। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
দুই দলের প্রথম একাদশ
ভারতঃ স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, গুণালন কমলিনী, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার-ব্যাটার), ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাটিল, শ্রী চরণী, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়
শ্রীলঙ্কাঃ ইমেশা দুলানি, চামারি আটাপাট্টু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সামারাবিক্রমা, কভীশা দিলহারি, হানসিমা করুণারত্নে, কৌশানি নুথ্যাঙ্গানা (উইকেটকিপার-ব্যাটার), মিতালি অযোধ্যা, কাওয়া কাভিন্দি, চামুদি প্রবোদা, সুগান্দিকা কুমারী
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

