India vs West Indies: রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিরূপ আলোচনা চলছে।
KNOW
Team India: মার্চ মাসে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ হলেই কি ভারতীয় দলের হিসেবের গোলমাল হয়ে যায়? অতীতে মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly) যে ভুল করেছিলেন, রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) কি সেই একই ভুল করে বসলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)? ১৯৯৬ সালের ১৩ মার্চ ওডিআই বিশ্বকাপ (1996 Cricket World Cup) সেমি-ফাইনালে ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে দলকে ডোবান আজহার। ২০০৩ সালের ২৩ মার্চ ওডিআই বিশ্বকাপ (2003 ICC Cricket World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ। ম্যাচ হেরে তাঁর এই সিদ্ধান্তের খেসারত দিতে হয় দলকে।
আজহারের সিদ্ধান্তে অগ্নিগর্ভ ইডেন
১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ২৫১ রান করে শ্রীলঙ্কা। অরবিন্দ ডি সিলভা (Aravinda de Silva) ৬৬ রান করেন। রোশন মহানামা (Roshan Mahanama) ৫৮ রান করেন। রান তাড়া করতে নেমে ৩৪.১ ওভারে আট উইকেট হারিয়ে ১২০ রান করে ভারতীয় দল। এরপর গ্যালারিতে অশান্তির জেরে খেলা বন্ধ হয়ে যায়। শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৬৫ রান করেন। তিনি আউট হয়ে যাওয়ার পরেই ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামে। আজহার ছয় বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। তিনি ইডেনের খলনায়কে পরিণত হন।
বিশ্বকাপ জয়ের সুযোগ হারান সৌরভ
২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়ে ৩৫৯ রান করে অস্ট্রেলিয়া। অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting) ১৪০ রান করে অপরাজিত থাকেন। ডেমিয়েন মার্টিন (Damien Martyn) ৮৮ রান করে অপরাজিত থাকেন। অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) ৫৭ রান করেন। জবাবে ভারতীয় দল ৩৯.২ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায়। বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) ৮২ রান করেন। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ৪৭ রান করেন।
টসে জিতে ফিল্ডিং নিয়ে ডুবেছিলেন বিরাট কোহলিও
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (2017 ICC Champions Trophy) ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পাকিস্তান প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। ফকর জামান (Fakhar Zaman) ১১৪ রান করেন। জবাবে ভারতীয় দল ৩০.৩ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে যায়। রবিবার ভারতীয় দল জিততে না পারলে আজহার-সৌরভ-বিরাটের মতোই সূর্যকুমারের সিদ্ধান্ত নিয়েও আলোচনা চলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


