Sikandar Raza: গত কয়েক বছর ধরে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জিম্বাবোয়ের (Zimbabwe) অলরাউন্ডার সিকন্দর রাজা। তিনি চলতি টি-২০ বিশ্বকাপেও (2026 ICC Men's T20 World Cup) ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
KNOW
India vs Zimbabwe: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলছেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা (Sikandar Raza)। এই ম্যাচের আগে হঠাৎই তাঁর ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু জিম্বাবোয়ের অলরাউন্ডার রায়ান বার্ল (Ryan Burl) বলেছেন, গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আঘাত পেলেও, এখন ১০০ শতাংশ ফিট হয়ে উঠেছেন রাজা। তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন। ভারত যেমন সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে (India vs South Africa) হেরে গিয়েছে, তেমনই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছে জিম্বাবোয়ে। ফলে সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে দুই দলকেই বৃহস্পতিবারের ম্যাচ জিততে হবে। এই ম্যাচে অধিনায়ককে ছাড়া খেলতে নামার কথা ভাবতেই পারছে না জিম্বাবোয়ে শিবির। বার্ল বলেছেন, ‘সিকন্দর রাজা ১০০ শতাংশ খেলছে।’
ভারতের বিরুদ্ধে জয়ের কথা ভাবছে জিম্বাবোয়ে
ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ভারতীয় দলকে হারানো আরও কঠিন। ঘরের মাঠে দর্শকদের সমর্থন ভারতীয় দলের বড় শক্তি। বৃহস্পতিবারের ম্যাচ হতে চলেছে চিপকে। এখানেও গ্যালারি সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) পক্ষেই থাকবে। কিন্তু এর ফলে যেমন সুবিধা হবে, তেমনই প্রত্যাশার চাপও থাকবে। এরই সুযোগ নিতে চাইছে জিম্বাবোয়ে। বার্ল বলেছেন, ‘হ্যাঁ, আমাদের এই ম্যাচ জিততেই হবে। কিন্তু একইসঙ্গে ভারতকেও এই ম্যাচ জিততে হবে। ফলে এই ম্যাচে দুই দলের উপরেই চাপ থাকবে। এটা বিশ্বকাপের ম্যাচ। আমাদের যদি সেমি-ফাইনালে পৌঁছতে হয়, তাহলে জিততেই হবে। দুই দলই ম্যাচ জিততে চাইবে।’
নতুন নজির গড়ার লক্ষ্যে রাজা
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩,০০০ রান পূরণ করার পথে রাজা। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ১৫ রান করতে পারলেই এই নজির গড়বেন জিম্বাবোয়ের অধিনায়ক। জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ার পথে রাজা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


