Arshdeep Singh: টি-২০ স্পেশালিস্ট আর্শদীপ সিং এবার টেস্ট দলেও সুযোগ পেতে পারেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ব্যাকআপ বোলারদের তালিকায় তাঁকে রাখা হয়েছে বলে ইঙ্গিত দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।
Arshdeep Singh: টি-২০ ক্রিকেটে ভারতের অন্যতম সেরা উইকেটশিকারি আর্শদীপ সিং। বাঁহাতি এই পেসারকে এবার ভারতের টেস্ট দলেও দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন জোড়া টেস্টের সিরিজে প্রথম সারির বোলাররা চোট পেলে বা তাদের বিশ্রামের প্রয়োজন হলে, 'ব্যাকআপ' বোলার হিসেবে আর্শদীপকে ভাবা হচ্ছে (Arshdeep Singh)। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টি-২০ ম্যাচে জোড়া উইকেট নিয়ে নিজের ১০০তম টি-২০ ম্যাচ স্মরণীয় করে রেখেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁতে তাঁর আর মাত্র দুটি উইকেট দরকার। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়বেন তিনি। একদিনের ক্রিকেটেও ভালো পারফর্ম করেছেন অর্শদীপ, তবে এখনও টেস্টে তাঁর অভিষেক হয়নি।
টেস্ট দলেও কি সুযোগ পাবেন আর্শদীপ সিং?
মর্কেল বলেন, "টেস্ট সিরিজের জন্য আমরা এমন একদল বোলার তৈরি রাখছি, যারা যে কোনও আবহাওয়ায় বল করতে পারে। এই আলোচনায় আর্শদীপ সিংয়ের নাম নিশ্চিতভাবেই রয়েছে।" তিনি আরও জানান, আর্শদীপ নিজের ফিটনেস ও বোলিং নিয়ে প্রচুর পরিশ্রম করেন। লাল বলে সুযোগ পেলে সেটারও যে তিনি দারুণ সদ্ব্যবহার করবেন, সেই বিষয়ে মর্কেল বেশ আত্মবিশ্বাসী। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলে ৭৩টি উইকেট নিয়েছেন অর্শদীপ। ৪০ রান দিয়ে ৬ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স।
বড় ইঙ্গিত দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল
টানা ম্যাচ থাকায় বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। জসপ্রীত বুমরাহ-সহ দলের প্রধান বোলাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম এবং ম্যাচ প্র্যাকটিস পান, তার জন্য বড় পরিকল্পনা রয়েছে বলে জানান মর্কেল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই কয়েকজন প্রথম সারির ক্রিকেটারকে ইন্ডিয়া এ দলের হয়ে নিউজিল্যান্ডে খেলানো হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


