Rajasthan Royals: ২০০৮ সালে প্রথম আইপিএল (IPL 2008) চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর থেকে এই ফ্র্যাঞ্চাইজি আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবারের আইপিএল-এ (IPL 2026) ভালো ফল করতে মরিয়া এই ফ্র্যাঞ্চাইজি। শনিবার শুরু হচ্ছে আইপিএল-এর নতুন মরসুম। তার আগেই রাজস্থান রয়্যালসের মালিকানা বদলে গেল।
KNOW
IPL 2026: আইপিএল-এর ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। জানা গিয়েছে, মার্কিন শিল্পপতি কল সোমানির (US Businessman Kal Somani) নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৩০০ কোটি টাকা) রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, ওয়ালমার্ট গ্রুপের রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবারের সমর্থনে সোমানি এই বিশাল চুক্তিটি করেছেন। জানা যাচ্ছে, আইপিএল ২০২৬ মরসুমের পর এই মালিকানা বদল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। আইপিএলের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অর্থে ফ্র্যাঞ্চাইজি বিক্রির ঘটনা। গত বছর টরেন্ট গ্রুপ প্রায় ৫,০২৫ কোটি টাকায় গুজরাট টাইটানসের (Gujarat Titans) ৬৭% শেয়ার কিনেছিল। সেই রেকর্ড এবার রাজস্থান রয়্যালস ভেঙে দিল। বর্তমানে মনোজ বাদালের নেতৃত্বাধীন এমার্জিং মিডিয়া গ্রুপের কাছে রাজস্থান রয়্যালসের ৬৫% শেয়ার রয়েছে।
কে এই কল সোমানি?
কল সোমানি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার (Arizona) একজন উদ্যোগপতি। এড-টেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্পোর্টস টেকনোলজি নিয়ে তাঁর ১৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ইন্ট্রাএজ ট্রুয়ো এবং ট্রুয়ো এআই নামে দুটি কোম্পানির প্রতিষ্ঠাতা। ২০২১ সাল থেকেই কল সোমানি রাজস্থান রয়্যালসে অল্প পরিমাণে বিনিয়োগ করেছিলেন। আইপিএলের ভবিষ্যৎ বৃদ্ধি আঁচ করেই তিনি এবার পুরো শেয়ার কেনার জন্য এগিয়ে এসেছেন। ক্রীড়াজগতেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি ডেট্রয়েটের বিখ্যাত গল্ফ টিম মোটর সিটি গল্ফ ক্লাবের সহ-মালিক। এছাড়া TMRW স্পোর্টস এবং TGL গল্ফ লিগের মতো উদ্যোগে তিনি প্রথম দিকের বিনিয়োগকারীদের একজন। এই উদ্যোগে তাঁর সঙ্গী গল্ফ কিংবদন্তি টাইগার উডস এবং রোরি ম্যাকলরয়।
অন্যদের টেক্কা দিলেন কল সোমানি
রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস গ্রুপের মতো বড় সংস্থাও ছিল। গত সপ্তাহে খবর এসেছিল যে, এই ফ্র্যাঞ্চাইজি ১৬,০০০ কোটি টাকার একটি অফার ফিরিয়ে দিয়েছে। অবশেষে সোমানির কনসোর্টিয়ামই এই চুক্তি পাকা করে। এবারের আইপিএল-এ রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে খেলবে রাজস্থান রয়্যালস। এই মরসুমে দল ভালো ফল করবে বলেই আশা করছেন সমর্থকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


