The Hundred Women's 2026 Competition: চলতি দ্য হান্ড্রেড উইমেনস প্রতিযোগিতায় সাদার্ন ব্রেভ (Southern Brave) দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন জেমাইমা। ফলে তাঁর দল বড় ধাক্কা খেল।

DID YOU
KNOW
?
জেমাইমার চোটে উদ্বেগ
ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম ভরসা জেমাইমা রডরিগেজ। তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে।

Jemimah Rodrigues Hamstring Injury: দ্য হান্ড্রেড উইমেনস কম্পিটিশনে (The Hundred Women's 2026 Competition) সাদার্ন ব্রেভের (Southern Brave) হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় ব্যাটার জেমাইমা রডরিগেজ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার চার্লি নটকে (Charli Knott) দলে নিয়েছে সাদার্ন ব্রেভ। ফলে দারুণ ফর্মে থাকা জেমাইমার এবারের দ্য হান্ড্রেড অভিযান আকস্মিকভাবেই শেষ হয়ে গেল। এই দলের হয়ে ছয় ম্যাচ খেলে ১৪৩ রান করেছেন জেমাইমা। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৫.৭৫ এবং স্ট্রাইক রেট ১৩১.১৯। দলের ইনিংসের দুর্দান্ত সূচনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় ব্যাটারের। প্রয়োজনের সময় একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি।

ধারাবাহিক পারফরম্যান্স জেমাইমার

সাদার্ন ব্রেভের টানা দুই ম্যাচ জয়ে জেমাইমার পারফরম্যান্স ছিল বিশেষভাবে নজরকাড়া। সানরাইজার্সের বিপক্ষে ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল সাদার্ন ব্রেভ। সেই পরিস্থিতিতে ৩৪ বলে অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান জেমাইমা। তাঁর দায়িত্বশীল ইনিংসে পাঁচ উইকেটে ম্যাচ জেতে দল এবং ম্যাচের সেরার পুরস্কার পান এই ভারতীয় ব্যাটার। এরপর এমআই লন্ডনের বিরুদ্ধে ম্যাচেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। মাত্র ২২ বলে ৩২ রান করেন জেমাইমা। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৫.৪৫। তাঁর ইনিংসের সাহায্যে ১২৬ রান তোলে সাদার্ন ব্রেভ এবং পরে মাত্র এক রানে ম্যাচ জিতে নেয়। পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন জেমাইমা। তাঁর চোটের খবর সাদার্ন ব্রেভের জন্য এসেছে এমন এক সময়ে, যখন দলটি প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচেই জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল এই দল। তবে ৩ আগস্ট ওয়েলশ ফায়ারের কাছে চার উইকেটে হেরে তাদের জয়ের ধারায় ছেদ পড়ে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১২১ রান করেছিল সাদার্ন ব্রেভ। শেষ বলেই ১২২ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েলশ ফায়ার।

নক-আউটের দৌড়ে সাদার্ন ব্রেভ

একটি ম্যাচে হারলেও নকআউট পর্বে ওঠার দৌড়ে এখনও ভালোভাবেই রয়েছে সাদার্ন ব্রেভ। দলের দুর্দান্ত ব্যাটিং লাইনআপে রয়েছেন লরা ভলভার্ট, মাইয়া বুশিয়ের, লিজেল লি। বোলিং বিভাগে রয়েছেন লরেন বেল, ইসি ওং, সারাহ গ্লেন ও সোফি মোলিন্যু। জেমাইমার অনুপস্থিতিতে মিডল অর্ডারে বড় শূন্যতা তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণের দায়িত্ব এবার নটের উপর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।