KL Rahul: ক্যারিয়ারের শুরুতে তাঁকে 'টেস্ট স্পেশ্যালিস্ট' বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, টি-২০ ক্রিকেটার হিসেবে কেউ নাকি তাঁকে পাত্তাই দিত না। সেই পুরনো দিনের কথা এবং কীভাবে তিনি সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন, তা নিয়েই মুখ খুললেন কেএল রাহুল। তিনি আরও জানান, কেরিয়ারে অনেক ভুল করলেও, সব কঠিন সময়ে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন।

KL Rahul: একটা সময় ছিল, যখন ভারতীয় ক্রিকেট জগতে তাঁকে শুধুমাত্র 'টেস্ট স্পেশ্যালিস্ট' হিসেবেই দেখা হত। সেই পুরনো দিনের কথা বলতে গিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। জিও স্টারের 'সুপারস্টারস' শো-তে এসে রাহুল জানান, তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে কেউ তাঁকে ভালো টি-২০ বা সাদা বলের ক্রিকেটার হিসেবে গণ্যই করত না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

“আমাকে কেউ টি-২০ প্লেয়ার ভাবতই না”, বলছেন রাহুল

রাহুল বলেন, "দশ বছর আগে একটা টি-২০ দলে সুযোগ পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারতাম। আমাকে কেউ টি-২০ প্লেয়ার হিসেবে গুরুত্বই দিত না। একজন টেস্ট প্লেয়ারের তকমা ঝেড়ে ফেলে সাদা বলের ক্রিকেটে এতটা ভালো জায়গায় আসতে পেরে আমি গর্বিত।"

রাহুল আরও যোগ করেন যে, ক্যারিয়ারে অনেক ভুল করলেও তিনি সব কঠিন পরিস্থিতিতে নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন। ২০২২ সালের পর থেকে ভারতের হয়ে টি-২০ ক্রিকেট না খেললেও, আইপিএলে নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দিচ্ছেন তিনি। চলতি মরশুমে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাহুলের করা ১৫২* রান (৬৭ বলে) একজন ভারতীয় খেলোয়াড়ের টি-২০-তে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই পারফরম্যান্সের সুবাদে তিনি আইপিএলে তিনটি ভিন্ন দলের হয়ে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটারও হয়েছেন।

মুখ খুললেন কে এল রাহুল

রাহুল জানান, মেয়ের জন্ম তাঁর ক্রিকেট নিয়ে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। গত বছর (২০২৫ সালের মার্চে) রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেঠির কন্যাসন্তান হয়। তিনি বলেন, "বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। মেয়ের হাসি দেখলে আমি সব কষ্ট আর দুশ্চিন্তা ভুলে যাই। এটা আমার ক্রিকেটেও ইতিবাচক প্রভাব ফেলেছে। এখন আমি খেলা নিয়ে অতিরিক্ত চিন্তা করি না। ওই ৪-৫ ঘণ্টা আমি শুধু খেলাটা উপভোগ করার চেষ্টা করি।"

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এমএস ধোনিকে টপকে পঞ্চম স্থানে উঠে এলেও, রাহুলের চোখ রেকর্ডের দিকে নয়, ট্রফির দিকে। তিনি বলেন, "আমি জানতামই না যে, রানের দিক থেকে ধোনি ভাইকে টপকে গেছি। কিন্তু আমি ওনার মতো পাঁচটা আইপিএল ট্রফি জিততে চাই। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয় আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।"

রাহুল আরও বলেন, তাঁর কেরিয়ারে এখনও অনেক বছর বাকি আছে এবং তাঁর লক্ষ্য দেশ ও দলের হয়ে আরও অনেক ট্রফি জেতা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।