Sanju Samson: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে মাঠের বাইরে এই তারকার আচরণ অনুরাগীদের মন জয় করে নিচ্ছে। নিজের রাজ্য কেরলে (Kerala) অত্যন্ত জনপ্রিয় সঞ্জু। তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে।
KNOW
Sanju Samson News: রাস্তায় হঠাৎ দেখা হওয়ার পর এক অনুরাগীকে ৩০,০০০ টাকা দামের নতুন স্মার্টফোন উপহার দিয়ে অভিভূত করে দিলেন সঞ্জু স্যামসন। এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলছেন কেরলের (Kerala) এই উইকেটকিপার-ব্যাটার। কেরলের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পালাক্কাড়ের (Palakkad) মুন্দুর-থুথা রোডে (Mundur–Thootha Road) পঞ্চাপ্পদম স্কুলের (Punchappadam School) কাছে এই ঘটনা ঘটেছে। গাড়ি নিয়ে কোঝিকোড় (Kozhikode) থেকে কোয়েম্বাটোরে (Coimbatore) যাচ্ছিলেন সঞ্জু। সেই সময় ফোনে কথা বলার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করান এই তারকা ক্রিকেটার। সেই সময়ই এক অনুরাগীর সঙ্গে দেখা হওয়ার পর তাঁকে স্মার্টফোন উপহার দেন সঞ্জু। তাঁর এই আচরণে অনুরাগীরা মুগ্ধতা প্রকাশ করেছেন।
ঠিক কী হয়েছিল?
সঞ্জু যখন রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন, তখন সেখান দিয়ে যাচ্ছিলেন পেশায় কেবল টেকনিশিয়ান শাবারিশ। তাঁর সঙ্গে ছিলেন বন্ধু মণিকাণ্ডন। তাঁরা স্থানীয় এক মাঠে ক্রিকেট খেলতে যাচ্ছিলেন। তাঁরা গাড়িতে পরিচিত মুখ দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যান। তারপর তাঁরা বুঝতে পারেন, গাড়িতে বসে আছেন সঞ্জু। সেই সময় ভিডিও কলে কারও সঙ্গে কথা বলছিলেন এই ক্রিকেটার। তিনি অনুরাগীদের অপেক্ষা করার ইঙ্গিত দেন। ভিডিও কল শেষ হওয়ার পর অনুরাগীদের সঙ্গে কথা বলেন সঞ্জু। তিনি কুশল প্রশ্ন করার পাশাপাশি ছবি তুলতে চান। শাবারিশ নিজের ফোন বের করে সেলফি তোলেন। সেই সময় সঞ্জু দেখতে পান, তাঁর এই অনুরাগীর ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গিয়েছে। সেটা দেখতে পেয়ে নিজের গাড়ি থেকে ৩০,০০০ টাকা দামের নতুন স্মার্টফোন বের করে উপহার দেন সঞ্জু। তাঁর এই আচরণে অভিভূত হয়ে যান শাবারিশ।
ভালো পারফরম্যান্সের লক্ষ্যে সঞ্জু
সিএসকে-তে যোগ দেওয়ার পর ভালো ব্যাটিং করতে পারছেন না সঞ্জু। তিনি প্রথম তিন ম্যাচে যথাক্রমে ছয়, সাত ও নয় রান করেছেন। তাঁর দলও ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


