Sanju Samson T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট ম্যাচে কোনও ভারতীয় ব্যাটারের ইনিংসে এটিই সর্বোচ্চ স্কোর। গত ২০১৬ সালের সেমিফাইনালে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলির করা রেকর্ডের সমান জায়গায় পৌঁছে গেলেন সঞ্জু।
Sanju Samson T20 World Cup 2026: ওয়াংখেড়েতে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে যেন আগুনে ইনিংস (Sanju Samson batting)। মাত্র ৪২ বলে ৮৯ রানের ইনিংসে শুধু ইংল্যান্ডই নয়, ভেঙে চুরমার হয়ে গেল একাধিক রেকর্ডও (India vs England Semi Final)।
সঞ্জুর ব্যাটে নয়া রেকর্ড
এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন সঞ্জুর দখলে। শুধু তাই নয়, রোহিত শর্মাকে সাক্ষী রেখেই তাঁর রেকর্ড ভাঙলেন তিনি। গত ২০২৪ সালের বিশ্বকাপে, রোহিত ৮টি ইনিংসে ১৫টি ছক্কা মেরেছিলেন। সেই রেকর্ড টপকাতে সঞ্জুর লাগল মাত্র চারটি ম্যাচ।
সেইসঙ্গে, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নকআউট ম্যাচে, কোনও ভারতীয় ব্যাটারের ইনিংসে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। সেটিতেও ভাগ বসালেন সঞ্জু। গত ২০১৬ সালের সেমিফাইনালে, এই ওয়াংখেড়েতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলি ৪৭ বলে ৮৯ রান করেছিলেন। এবার সঞ্জুও ঠিক ৮৯ রান করলেন।
তরুণ ওপেনারের বিধ্বংসী ইনিংস
তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সংস্করণে ২০০-র বেশি রান করা চতুর্থ ভারতীয় ওপেনার হলেন সঞ্জু। এর আগে পর্যন্ত, এই কৃতিত্ব ছিল রোহিত শর্মা, কেএল রাহুল এবং গৌতম গম্ভীরের দখলে। চলতি ২০২৬ সালের ক্রিকেট বিশ্বকাপে, সঞ্জুর স্ট্রাইক রেট ২০১.৭, যা এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর সামনে আছেন শুধু ফিন অ্যালেন।
অন্যদিকে, সঞ্জুর এই ইনিংসে পর প্রশংসার শোনা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ধারাভাষ্যকার সুনীল গাভাসকারের মুখে। যিনি একদা সঞ্জুর সমালোচক ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর গাভাসকার জানান, "একটা কথা বলতেই হবে, ও যেন অন্য কোনও গ্রহ থেকে এসে ব্যাট করছে। সঞ্জুর চোখে বলটা হয়তো পূর্ণিমার চাঁদের মতো বড় দেখাচ্ছে। ওর গ্রাউন্ড শট, কাট শট, পুল শট, সবকিছুই অসাধারণ। ও যা করে দেখাল, তা এককথায় ব্যাটিংয়ের প্রদর্শনী।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

