Sanju Samson: গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ খেলেও টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন এই ভারতীয় তারকা। সুপার এইট পর্ব থেকে সঞ্জুর ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য, ৮০.২৫।

Sanju Samson: আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর, এবার ভারতীয় তারকা সঞ্জু স্যামসনের ঝুলিতে এল আইসিসি-র নয়া সম্মান। মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাপ ধরে রাখার পিছনে সঞ্জুর যে অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল, তারই স্বীকৃতি এই পুরস্কার। এই লড়াইয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন সতীর্থ যশপ্রীত বুমরা এবং দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার কনর এস্টারহুইজেনকে।

বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সঞ্জু। মাত্র পাঁচটি ম্যাচ খেলেই ৩২১ রান করেন তিনি। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েও টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন এই তারকা। সুপার ৮ পর্ব থেকে তাঁর ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য, ৮০.২৫।

Scroll to load tweet…

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া সুপার এইট পর্বের শেষ ম্যাচে, ৯৭ রানে অপরাজিত থেকে সঞ্জুই ভারতের জয় এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন। এরপর ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৮৯ রান করেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও তাঁর ব্যাট থেকে আসে ৮৯ রান, যা ছিল দলের সর্বোচ্চ স্কোর।

এই পুরস্কার পেয়ে সঞ্জু বলেন, "আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জেতাটা একটা অবিশ্বাস্য অনুভূতি। আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটা সময়ে এই সম্মান পেলাম, যা আমার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।" প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম দিকে প্রথম একাদশে সুযোগ পাননি সঞ্জু। অভিষেক শর্মা পরপর ব্যর্থ হওয়ায় সুপার ৮ পর্বে তাঁকে দলে নেওয়া হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৪ রান দিয়ে শুরু করার পর সঞ্জু পরপর তিনটি হাফ সেঞ্চুরি করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।