MI vs SRH: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। রায়ান রিকলটনের সেঞ্চুরিতে ভর করে ২৪৩ রান তুলেও হার্দিক পান্ডিয়ার দলকে হারতে হল। ট্র্যাভিস হেড আর হেনরিখ ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই ম্যাচ জেতে হায়দরাবাদ। আট ম্যাচে এটা মুম্বইয়ের ষষ্ঠ হার, পয়েন্ট টেবিলে তারা এখন নয় নম্বরে।

MI vs SRH: ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে আরও একবার হার মুম্বই ইন্ডিয়ান্সের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছয় উইকেটে হার মানল তারা। প্রথমে ব্যাট করে মুম্বাই ৫ উইকেটে ২৪৩ রানের বিশাল স্কোর খাড়া করে। কিন্তু হায়দরাবাদ মাত্র ১৮.৪ ওভারেই সেই টার্গেট পার করে দেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইশান মালিঙ্গা একাই চার উইকেট নেন

রায়ান রিকলটনের দুর্দান্ত সেঞ্চুরির (৫৫ বলে ১২৩) সৌজন্যে মুম্বাই বড় রান করতে পারে। উইল জ্যাকস (২২ বলে ৪৬) এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও (১৫ বলে ৩১) ভালো খেলেন। নমন ধীর ১৭ বলে ২২ রান করেন। হায়দরাবাদের হয়ে ইশান মালিঙ্গা একাই চার উইকেট নেন। তিনি চার ওভারে মাত্র ২৯ রান দিয়ে মুম্বাইকে আরও বড় স্কোর করা থেকে আটকে দেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল সানরাইজার্স। দীর্ঘদিন পর ফর্মে ফেরা অজি তারকা ট্র্যাভিস হেড ৩০ বলে ৭৬ রান করে হায়দরাবাদকে সামনে থেকে নেতৃত্ব দেন। অভিষেক শর্মার (২৪ বলে ৪৫) সঙ্গে ওপেনিং জুটিতে তিনি ৮.৪ ওভারে ১২৮ রান যোগ করেন। 

পয়েন্ট টেবিলের নয় নম্বরে নেমে গেল

ইশান কিষাণ শূন্য রানে আউট হলেও হেনরিখ ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং (৩০ বলে ৬৫ অপরাজিত) এবং শেষে সলিল অরোরার ১০ বলে ৩০ রানের ইনিংসে হায়দরাবাদের জয় সহজ হয়ে যায়। আউট হওয়া আরেক ব্যাটার হলেন নীতিশ রেড্ডি (১৭ বলে ২১)।

এই হারের ফলে আট ম্যাচে মাত্র দুটি জিতে মুম্বাই পয়েন্ট টেবিলের নয় নম্বরে নেমে গেল। অন্যদিকে, হায়দরাবাদ উঠে এল তিন নম্বরে। ক্লাসেন ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।