WTC Points Table: মানব সুথারের দুরন্ত বোলিংয়ের উপর ভর করেই গলে, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে উড়িয়ে ডিল ভারত। এই জয়ের ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭-এর পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। এই জয় ভারতের অভিযানকে নতুন করে অক্সিজেন জোগালেও, ফাইনাালের রাস্তা এখনও বেশ কঠিন। সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ।
WTC Points Table: স্বস্তির জয়। বুধবার, ১৯ আগস্ট, গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বড় জয় তুলে নিল টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ অগাস্ট কলম্বোতে। গল টেস্টের শেষ দিন, জয়ের জন্য শ্রীলঙ্কার টার্গেট ছিল ৩৭২ রান। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ৭৭.৪ ওভারে ২০৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (৫৯) এবং সোনাল দিশুন (৮৪) ৯৫ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা লড়াই করলেও, তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ভারতের জয়ের নায়ক মানব সুথার। ২৩.৪ ওভারে মাত্র ২.৩০ ইকোনমি রেটে ৫৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। পেসার প্রসিধ কৃষ্ণাও ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া রবীন্দ্র জাদেজা (১/৭১) এবং মহম্মদ সিরাজ (১/১৫) একটি করে উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
গলের এই জয়ে ভারতের লাভ কী হল?
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে যাওয়ার রাস্তা ভারতের জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ১৬৫ রানের জয় টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও, WTC ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা সফরে ভালো শুরু করাটা জরুরি ছিল। গলের ম্যাচের আগে ভারত ৯টি ম্যাচ খেলে ৪টি জয়, ৪টি হার এবং একটি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ছিল। তখন তাদের পয়েন্ট পার্সেন্টেজ (PCT) ছিল ৪৮.১৫%।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জেতার পর ভারতের PCT বেড়ে হয়েছে ৫৩.৩৩%। তারা WTC ২০২৫-২৭ স্ট্যান্ডিংয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের পিছনে পঞ্চম স্থানেই রয়েছে। ভারত এই সাইকেলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৫টিতে জিতেছে, ৪টিতে হেরেছে এবং ১টি ড্র করেছে।
টানা দু'বার (২০১৯-২১ এবং ২০২১-২৩) WTC ফাইনালে উঠলেও, গতবার অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি হেরে যাওয়ায় ২০২৫ সালের ফাইনালে ওঠা হয়নি ভারতের। অন্যদিকে, ভারতের বর্তমান WTC সাইকেল শুরু হয়েছিল ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ড্র দিয়ে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারায় তারা। কিন্তু এরপরই দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বড় ধাক্কা খায় শুভমন গিলের দল। এর ফলে ঘরের মাঠে টানা ১৮টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে যায়।
এরপর ভারতের সামনে কী?
গল টেস্টের জয় ভারতের WTC ফাইনালের আশা জাগিয়ে রাখলেও, ফাইনালের রাস্তা এখনও বেশ কঠিন। জায়গা পাকা করতে হলে আগামী ম্যাচগুলিতে ধারাবাহিক ভালো পারফর্ম্যান্স করতে হবে। WTC পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করতে হলে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটিও জিততে হবে ভারতকে। এরপর এই সাইকেলে ভারতকে আরও সাতটি ম্যাচ খেলতে হবে।
শ্রীলঙ্কা সিরিজের পর ভারতের পরবর্তী রেড-বল অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেখানে শুভমন গিলের দল নভেম্বর-ডিসেম্বর ২০২৬-এ দুটি টেস্ট খেলবে। প্রথম ম্যাচ ১৯-২৩ নভেম্বর ওয়েলিংটনে এবং দ্বিতীয়টি ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে। এরপর ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে, যা WTC ফাইনালের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে। এই সিরিজ শুরু হবে ২১ জানুয়ারি, ২০২৭-এ নাগপুরে। বাকি টেস্টগুলি হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে।
বাকি সাতটি ম্যাচের মধ্যে অন্তত সাতটি জিততে পারলেই ভারত পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে ফাইনালের টিকিট পাকা করতে পারবে। তবে ভারতের যোগ্যতা অর্জনের বিষয়টি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের পারফরম্যান্সের উপরও অনেকাংশে নির্ভর করে রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

