East Bengal FC: চলতি কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) ধারাবাহিকভাবে জয় পেয়ে চলেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে কলকাতা ডার্বি হতে চলেছে। তার আগে ছন্দে লাল-হলুদ ব্রিগেড।

DID YOU
KNOW
?
সোমবার কলকাতা ডার্বি
সোমবার বিকেলে বারাসত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের কলকাতা ডার্বি হতে চলেছে। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

Calcutta Football League 2026: আকাশ হেমব্রমের হ্যাটট্রিকের সুবাদে বুধবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে ৩-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে দাপট দেখিয়ে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। ২৩ মিনিটে প্রথম গোল করেন আকাশ। প্রথমার্ধের শেষে এই এক গোলেই এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শেষদিক পর্যন্ত এক গোলই ছিল। ব্যবধান বাড়বে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ম্যাচের শেষদিকে ফের জ্বলে ওঠেন আকাশ। ৮৬ মিনিটে দ্বিতীয় গোল করার পর সংযুক্ত সময়ের চতুর্থ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই তরুণ। তাঁর তিন গোলের মধ্যে তৃতীয় গোলই সেরা। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বিপক্ষ দলের গোলকিপারকে হার মানান আকাশ।

অপরাজিত থেকে সুপার সিক্সে ইস্টবেঙ্গল

চলতি কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে আট ম্যাচে জয় এসেছে। দুই ম্যাচ ড্র করেছে লাল-হলুদ ব্রিগেড। কোনও ম্যাচেই হারের মুখ দেখতে হয়নি। ২৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপের শীর্ষে থাকা ভবানীপুর ক্লাব ১১ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট পেয়েছে। তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ১০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়েছে।

কলকাতা ডার্বির প্রস্তুতি

কয়েকদিন আগেই ডুরান্ড কাপ (Durand Cup 2026) ফাইনালে কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এবার কলকাতা ফুটবল লিগেও কলকাতা ডার্বি হতে চলেছে। সোমবার বিকেলে বারাসত স্টেডিয়ামে বড় ম্যাচ হতে চলেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএফএ। দীর্ঘদিন পর বারাসত স্টেডিয়ামে কোনও বড়মাপের প্রতিযোগিতামূলক ম্যাচ হতে চলেছে। এই স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলার কলকাতা ডার্বিতে খেলবেন বলে শোনা যাচ্ছে। ফলে এই ম্যাচের আকর্ষণ বেড়ে যাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।