East Bengal FC: এবার ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসেবে নেই ইমামি (Emami)। তবে স্পনসর হিসেবে লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে যুক্ত থাকছে এই সংস্থা। ইমামি ফেরার কথা ঘোষণা করার পরেই ইস্টবেঙ্গলের পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফের চালু করা হল। যা দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি। তাঁদের আশা, দলের সব কাজকর্ম ভালোভাবেই চলবে।

DID YOU
KNOW
?
কলকাতায় আসছেন এফিয়ং
ইস্টবেঙ্গলের নতুন নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং এনসুঙ্গুসি এখনও কলকাতায় এসে পৌঁছননি। তবে তিনি ভিসা পেয়েছেন বলে জানা গিয়েছে।

East Bengal FC News: ইমামি (Emami) স্পনসর হিসেবে ফের ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করার পরেই চালু করা হল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল। মঙ্গলবার এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। ইমামি বিনিয়োগকারী হিসেবে আর না থাকায় নতুন মরসুমের শুরু থেকেই ইস্টবেঙ্গলের পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে কোনও পোস্ট করা হচ্ছিল না। ইস্টবেঙ্গল ক্লাবের যে সোশ্যাল মিডিয়া থেকে যাবতীয় পোস্ট করা হচ্ছিল, সেটি পরিচালনা করেন ক্লাবের এক কর্মী। কিন্তু যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল জনপ্রিয়, সেটি শুরু হয় ইমামি বিনিয়োগকারী হিসেবে আসার পর। আবার এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল চালু হওয়ায় খুশি লাল-হলুদ জনতা।

ইস্টবেঙ্গলের সুসময় ফিরেছে

গত মরসুমে আইএসএল (Indian Super League 2026) জেতার পর এবার ডুরান্ড কাপ (Durand Cup 2026) চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এরপরেই স্পনসর হিসেবে ইমামির প্রত্যাবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত দল পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা নিয়ে চিন্তায় ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু ইমামি ফের দলের সঙ্গে যুক্ত হওয়ায় এখন আর আর্থিক চিন্তা নেই। ফলে নতুন বিদেশি ফুটবলার নেওয়ার আশা বাড়ছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে (AFC Champions League 2) খেলবে লাল-হলুদ ব্রিগেড। তার জন্য ভালো বিদেশি ফুটবলার দরকার। প্রয়োজনে অন্য দল থেকে ভারতীয় ফুটবলারও নিতে হবে। ইমামি ফেরায় সে বিষয়ে আর সমস্যা নেই।

কবে আসবেন এফিয়ং?

এবার নাইজেরিয়ান (Nigerian) স্ট্রাইকার এফিয়ং এনসুঙ্গুসিকে (Effiong Nsungusi) দলে নিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু এই স্ট্রাইকার এখনও দলে যোগ দেননি। তিনি ভিসা পাচ্ছিলেন না। তবে মঙ্গলবার জানা গিয়েছে, এফিয়ং ভিসা পেয়ে গিয়েছেন। ফলে তিনি দ্রুত কলকাতায় এসে দলে যোগ দিতে চলেছেন। আগামী মাসে শুরু হবে আইএসএল। প্রথম ম্যাচ থেকেই নাইজেরিয়ান স্ট্রাইকারকে পাওয়া যাবে বলে আশায় লাল-হলুদ শিবির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।