East Bengal FC vs Chennaiyin FC: এবারের আইএসএল-এ (Indian Super League 2026) পয়েন্ট তালিকার নিরিখে শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে কাঙ্খিত ফল পেল লাল-হলুদ শিবির। এদিন অন্য ম্যাচের ফলও ইস্টবেঙ্গলের পক্ষে সুবিধাজনক হতে পারে।

DID YOU
KNOW
?
বিষ্ণু পি ভি লেফট ব্যাক!
উইঙ্গার বিষ্ণু পি ভি-কে শনিবার লেফট ব্যাক হিসেবে খেলান ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। অনভ্যস্ত পজিশনে সমস্যায় পড়েন বিষ্ণু।

Indian Super League 2026: প্রথম একাদশ দেখে চমকে উঠেছিলেন ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকরা। অ্যাওয়ে ম্যাচে প্রথম একাদশে বিদেশি স্ট্রাইকার তো নেই, এমনকী কোনও প্রকৃত স্ট্রাইকারই নেই! ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু তারপর আবার হতাশা। অনেকে ধরেই নিয়েছিলেন, চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে পয়েন্ট হারাচ্ছে ইস্টবেঙ্গল। কিন্তু শেষ ১০ মিনিটে ম্যাচের রং বদলে গেল। ৩-১ জয় পেয়ে খুশিমনেই কলকাতায় ফিরছে লাল-হলুদ ব্রিগেড। আইএসএল-এ এদিন অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে (Bengaluru FC) ২-১ হারিয়ে দিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC)। লাল কার্ড দেখেন আর্জেন্টিনার (Argentina) ফুটবলার ব্রায়ান স্যাঞ্চেজ (Braian Sánchez)। পরের ম্যাচেই বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে খেলতে পারবেন না স্যাঞ্চেজ। ফলে লাল-হলুদ ব্রিগেডের সুবিধা হতে পারে।

অ্যাওয়ে ম্যাচে জয় ইস্টবেঙ্গলের

চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের সপ্তম মিনিটে সল ক্রেসপোর (Saúl Crespo) থ্রু থেকে ঠান্ডা মাথায় গোল করেন এডমুন্ড লালরিনডিকা (Edmund Lalrindika)। তবে ২৮ মিনিটে সমতা ফেরান ইরফান ইয়াদওয়াদ (Irfan Yadwad)। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১। ৮৩ মিনিটে বিষ্ণুর (Vishnu PV) ক্রস থেকে অসাধারণ হেডে জালে বল জড়িয়ে দেন বিপীন সিং (Bipin Singh)। ফলে ২-১ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর সংযুক্ত সময়ে মিগুয়েলের (Miguel Figueira) থ্রু ধরে গোল করে ম্যাচের ফল ৩-১ করে দেন নন্দকুমার শেখর (Nandhakumar Sekar)। এই জয়ের ফলে সাত ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল

১০ জনের বেঙ্গালুরুর হার

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালোভাবে করেছিল বেঙ্গালুরু এফসি। ২৭ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ফালু এনদিয়ায়ে (Fallou Ndiaye)। ৩৪ মিনিটে লাল কার্ড দেখেন স্যাঞ্চেজ। ৬১ মিনিটে কেরালা ব্লাস্টার্সকে সমতায় ফেরান ভিক্টর বার্তোমিউ (Víctor Bertomeu)। এরপর ৭৮ মিনিটে জয়সূচক গোল করেন ফ্রান্সিসকো ফিউলাসিয়ের (Francisco Feuillassier)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।