Iran vs New Zealand: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) সব ম্যাচেই দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও অসাধারণ লড়াই দেখা গেল। নিউজিল্যান্ড যে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও ভালো খেলে, তা বুঝিয়ে দিল। এশিয়ার ফুটবলের অন্যতম সেরা দল ইরানও ভালো পারফরম্যান্স দেখাল।
KNOW
FIFA World Cup 2026 Updates: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি-র ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান (Iran vs New Zealand)। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে (Los Angeles Stadium) ম্যাচ শেষ হল ২-২ গোলে। দু'বার পিছিয়ে পড়েও ড্র করল ইরান। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজা জাস্ট (Elijah Just)। ইরানের হয়ে গোল করেন রামিন রেজাইয়ান (Ramin Rezaeian) ও মহম্মদ মোহেব্বি (Mohammad Mohebbi)। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করে কিউয়িদের এগিয়ে দেন এলিজা। ৩২ মিনিটে সমতা ফেরান রামিন। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ১০ মিনিটের মধ্যেই ফের গোল করেন এলিজা। নয় মিনিটের মধ্যেই ফের সমতা ফেরান মোহেব্বি। এরপর আর এই ম্যাচে গোল হয়নি।

গ্রুপ জি-তে প্রথম ২ ম্যাচই ড্র
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি-র প্রথম ম্যাচে বেলজিয়াম ও মিশর (Belgium vs Egypt) ড্র করেছে। ১-১ গোলে ম্যাচ শেষ হয়েছে। এরপর গ্রুপের দ্বিতীয় ম্যাচও ড্র হল। ফলে এই গ্রুপের চার দলই প্রথম ম্যাচের পর এক পয়েন্ট করে পেয়েছে। পরের ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এই গ্রুপ থেকে কোন দলগুলি নক-আউটের যোগ্যতা অর্জন করবে, তা এখনই বলা সম্ভব নয়।
পরিসংখ্যান বদল ইরানের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ইরান যে পিছিয়ে পড়েও গোল শোধ করে দেবে, তা অনেকেই ভাবতে পারেননি। কারণ, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যে দলগুলি ১৫-এরও বেশি ম্যাচ খেলেছে, সেই দলগুলির মধ্যে সবচেয়ে কম গোল করে ইরান। এশিয়ার এই দল বিশ্বকাপে প্রতি ম্যাচে ০.৭২ গোল করে। তবে কিউয়িদের বিরুদ্ধে পরিসংখ্যান বদলে দিয়ে জোড়া গোল করল ইরান। অন্যদিকে, বিশ্বকাপে নিউজিল্যান্ডের ফলও ভালো ছিল না। যে দলগুলি জয় পায়নি, তাদের অন্যতম কিউয়িরা। ইরানের বিরুদ্ধে ম্যাচের আগে বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে জয় পায়নি নিউজিল্যান্ড। হন্ডুরাস (Honduras) নয় ম্যাচ খেলে জয় পায়নি। মিশর (Egypt) সাত ম্যাচ খেলে জয় পায়নি। এবারও জয় অধরাই থেকে গেল কিউয়িদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


