Mumbai Indians: গত কয়েক মরসুমে সাফল্য পায়নি আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ানস। আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের আগে দল ঢেলে সাজাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। কোচিং স্টাফের পাশাপাশি খেলোয়াড়ও বদল করার পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট।
KNOW
IPL 2027: আইপিএল-এর আগামী মরসুমের আগে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) দলে বেশ কিছু বদল হতে চলেছে। দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বিদায় নিচ্ছেন। তাঁর বিদায়ের জল্পনার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা। সবমিলিয়ে আইপিএল-এর আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ানস দলে বড়সড় রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোহিতের পরিবর্তে এই দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই তারকা অলরাউন্ডার দলকে সাফল্য এনে দিতে পারেননি। এই কারণেই হার্দিকের পরিবর্তে ফের রোহিতকে অধিনায়ক করা হতে পারে।
মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ জয়বর্ধনের
দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত থেকেছেন জয়বর্ধনে। তিনি এই ফ্র্যাঞ্চাইজিতে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। এবার বিদায় নিচ্ছেন শ্রীলঙ্কার এই তারকা। ফলে এই ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে এবার বদল হচ্ছে। মুম্বই ইন্ডিয়ানস থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে জয়বর্ধনে বলেছেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে মুম্বই ইন্ডিয়ানস আমার ক্রিকেটজীবনের অত্যন্ত বিশেষ একটি অংশ। দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, #OneFamily-এর অসাধারণ সমর্থন এবং সর্বোপরি সমর্থকদের ভালোবাসা, সবমিলিয়ে এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ দলে জয়বর্ধনের অবদানের প্রশংসা করে মুম্বই ইন্ডিয়ানসের কর্ণধার নীতা আম্বানি (Nita Ambani) বলেছেন, ‘বছরের পর বছর ধরে মাহেলা মুম্বই ইন্ডিয়ানসের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ওর শান্ত নেতৃত্ব, সততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সারা এমআই পরিবারের পক্ষ থেকে মাহেলার বিপুল অবদান এবং দীর্ঘদিনের দায়বদ্ধতার জন্য ওকে ধন্যবাদ জানাই।’ মুম্বইয়ের প্রধান কোচ হিসেবে জয়বর্ধনের সাফল্য উল্লেখযোগ্য। ২০১৭ সালে প্রথমবার দলের দায়িত্ব নিয়ে সেই মরসুমেই আইপিএল খেতাব জেতান তিনি। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২০ সালেও তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই। তাঁর অধীনে তিনবার আইপিএল ট্রফি জিতেছে এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন তিনি।
আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত
অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ানসকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এই কারণে তাঁকে ফের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








