Kerala Government: কেরল সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, লিওনেল মেসি-সহ (Lionel Messi) আর্জেন্টিনা দল (Argentina National Football Team) খেলতে আসবে। কিন্তু বারবার এই সফর নিয়ে জটিলতা, অনিশ্চয়তা তৈরি হওয়ার পর শেষপর্যন্ত কেরলে আসেনি আর্জেন্টিনা দল। এই বিতর্কিত ঘটনা নিয়ে তদন্ত করেছে কেরলের ক্রীড়া বিভাগ।

DID YOU
KNOW
?
ভারত সফরে মেসি
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি একাধিকবার ভারত সফরে এসেছেন। তবে আর্জেন্টিনা দল কেরলে খেলতে আসেনি।

Argentina National Football Team in Kerala: লিওনেল মেসি (Lionel Messi) ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রস্তাবিত কেরল সফর ঘিরে বিতর্কের তদন্ত রিপোর্ট সরকারের হাতে পৌঁছেছে। সোমবার বিষয়টি জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ও জে জনীশ (O J Janeesh)। তবে রিপোর্টটি ‘অত্যন্ত গোপনীয়’ হিসেবে জমা পড়ায় এর বিষয়বস্তু নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। ক্রীড়া দফতরের বিশেষ সচিব এই তদন্ত পরিচালনা করেন। প্রস্তাবিত সফর সংক্রান্ত সরকারি নথি, ফাইল এবং প্রক্রিয়াগুলি খতিয়ে দেখার পর তিনি রিপোর্টটি সরকারের কাছে জমা দিয়েছেন। এখন রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে রাজ্য সরকার। মন্ত্রী বলেছেন, 'রিপোর্টটি অত্যন্ত গোপনীয়ভাবে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি শুধু এটুকুই বলতে পারি। সরকার রিপোর্টটি খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবে এবং সবাইকে তা জানানো হবে।'

কেরলে খেলতে আসেনি আর্জেন্টিনা দল

মেসি ও আর্জেন্টিনা দলের কেরল সফর নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। কেরলে গত সরকারের আমলে মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে এনে ম্যাচ আয়োজনের পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত না হওয়ায় ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়।এই বিতর্কের জেরেই তদন্তের দাবি ওঠে। জনীশ বলেছেন, ‘ফুটবলপ্রেমীরাও তদন্তের দাবি জানিয়েছিলেন। প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আমাদের মনে হয়েছিল, আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন।’ তদন্তে আন্তর্জাতিক ফুটবল দল বা খেলোয়াড়দের ভারতে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন ও সরকারি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, বিষয়টি শুধুমাত্র ক্রীড়া দফতরের পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার মতো নয়। সেই কারণেই তদন্ত রিপোর্ট সরকারের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি আরও উচ্চপর্যায়ে পর্যালোচনা করা হবে।

আর্জেন্টিনা দলের সঙ্গে আদৌ চুক্তি হয়েছিল কেরল সরকারের?

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তদন্তে মেসি ও আর্জেন্টিনা দলের প্রস্তাবিত সফর নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। বিশেষ করে, সফর আয়োজনের ক্ষেত্রে আদৌ কোনও চূড়ান্ত চুক্তি হয়েছিল কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে খবর। প্রস্তাবটির আর্থিক দিক নিয়েও প্রশ্ন ওঠার কথা প্রকাশ্যে এসেছে। তবে এই রিপোর্ট বা সংবাদমাধ্যমে প্রকাশিত দাবিগুলির কোনওটিই নিশ্চিত করেননি ক্রীড়ামন্ত্রী। তিনি বিষয়টির আর্থিক দিক-সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। মেসি ও আর্জেন্টিনা দলের কেরল সফর নিয়ে বিতর্কের সূত্রপাত হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানের (V Abdurahiman) আমলে। তাঁর সময়েই মেসি ও আর্জেন্টিনা দলকে কেরলে আনার পরিকল্পনার কথা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল। সেই প্রস্তাব ঘিরে তৈরি হওয়া জটিলতার তদন্ত এখন সরকারের হাতে। রিপোর্ট খতিয়ে দেখার পর কেরল সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর ফুটবলমহলের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।