Lionel Messi Kerala Visit: গত বছরের মাঝামাঝি সময় থেকেই জল্পনা চলছিল, আর্জেন্টিনার (Argentina) জাতীয় দলের হয়ে কেরলে খেলতে আসবেন লিওনেল মেসি। কিন্তু কলকাতা-সহ ভারতের একাধিক শহরে এলেও, কেরলে যাননি মেসি। তাঁর দেশের জাতীয় পুরুষ ফুটবল দলও কেরলে আসেনি। এবার সে বিষয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কেরলের ক্রীড়ামন্ত্রী।
KNOW
Kerala Sports Minister V Abdurahiman: লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বাধীন আর্জেন্টিনা (Argentina) জাতীয় দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। তাঁর দাবি, অর্থ পাওয়ার পরেও নির্ধারিত সূচি অনুযায়ী কেরলে আসেনি আর্জেন্টিনা দল। স্থানীয় এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেরলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, বিশ্বচ্যাম্পিয়নদের কেরলে আনার জন্য সবরকম চেষ্টা করেছিল রাজ্য সরকার। এ বিষয়ে আবেগ ছিল বলেও দাবি করেছেন তিনি. কেরলের ক্রীড়ামন্ত্রীর কথায়, ‘অর্থ পাওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ওরা যে আমাদের সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করবে, তা আমরা ভাবতেই পারিনি। আমাদের এখানে আসার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরেও ওরা খেলতে আসেনি।’ কেরলের ক্রীড়ামন্ত্রীর এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা?
কেরলের ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ‘আমি সত্যিই চাইছিলাম আর্জেন্টিনা দল ও লিওনেল মেসি কেরলে আসুন এবং এখানে একবার ম্যাচ খেলুন। তার জন্য আমরা অনেক আলোচনা করেছি। এরকম এক আন্তর্জাতিক দলকে এখানে নিয়ে আসার জন্য ২৫০ কোটি টাকা দরকার ছিল। স্পনসর জোগাড় করা সহজ ছিল না।’ কিন্তু আর্জেন্টিনা দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেও, ঠিক কবে মেসিদের কেরলে আসার কথা ছিল এবং প্রতিপক্ষ দল কারা ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কেরলের ক্রীড়ামন্ত্রী। তাঁর দাবি, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, অন্য পাঁচ দেশের সঙ্গেও একই কাজ করেছে ওরা (আর্জেন্টিনা)। ওরা অর্থ নেওয়ার পরেও খেলতে যায়নি। এই পরিস্থিতিতে মামলা দায়ের করতে হবে এবং ওরা ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে।’
বিধানসভা নির্বাচনের সময় মুখরক্ষার চেষ্টা?
কেরলের ক্রীড়ামন্ত্রী এর আগে দাবি করেছিলেন, মেসিদের খেলতে আসার দিন ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আর্জেন্টিনা দল কেরলে আসেনি। এখন বিধানসভা নির্বাচনের (2026 Kerala Legislative Assembly election) আগে এ বিষয়ে মুখরক্ষার চেষ্টা করছেন কেরলের ক্রীড়ামন্ত্রী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


